দীর্ঘস্থায়ী শান্তির জন্য ডোনাল্ড ট্রাম্পের ‘শক্তিশালী নেতৃত্বে’ কাজ করতে প্রস্তুত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নজিরবিহীন বাগবিতণ্ডার কয়েক দিন পর সামনে এলো তার এই বক্তব্য।
যুক্তরাষ্ট্র ওই বাদানুবাদের পর কিয়েভের জন্য সব ধরনের সামরিক সহায়তা স্থগিতের ঘোষণা দেয়। এ নিয়ে পুরো বিশ্বেই নানা আলোচনা-সমালোচনা দেখা দেয়। পরে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক দীর্ঘ পোস্টে জেলেনস্কি নিজ অবস্থান ব্যাখ্যা করেন। হোয়াইট হাউসে ঘটে যাওয়া ওই ‘বাগবিতণ্ডার’ ঘটনাকে ‘দুঃখজনক’ বলেও অভিহিত করেন।
জেলেনস্কি বলেন, ‘এখন সময় এসেছে পরিস্থিতি ঠিক করার।’ কারণ ট্রাম্প তখন অভিযোগ করেছিলেন যে আলোচনার টেবিলে বসার জন্য জেলেনস্কি যথেষ্ট প্রস্তুত ছিলেন না। ইউক্রেনের নেতা যুদ্ধ শেষ করার প্রাথমিক কিছু ধাপের কথাও তুলে ধরেন।
জেলেনস্কি লিখেছেন, ‘আমরা দ্রুত যুদ্ধ শেষ করতে প্রস্তুত এবং প্রথম ধাপে যুদ্ধবন্দিদের মুক্তি ও আকাশে যুদ্ধবিরতি- ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার ড্রোন, জ্বালানি ও অন্যান্য বেসামরিক অবকাঠামোতে হামলা নিষিদ্ধ করা এবং সমুদ্রে যুদ্ধবিরতি অবিলম্বে কার্যকর করা যেতে পারে, যদি রাশিয়াও একই পদক্ষেপ নেয়।’
জেলেনস্কি আরও বলেন, এর পর আমরা দ্রুত পরবর্তী ধাপগুলো শেষ করতে চাই এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে একটি শক্তিশালী চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে কাজ করতে চাই।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে জেলেনস্কি বলেন, শুক্রবারের বৈঠকটি যেমন হওয়ার কথা ছিল, তেমন হয়নি। তিনি বলেন, ‘এটি দুঃখজনক যে, বিষয়টি এভাবে ঘটে গেছে। এখন সময় এসেছে পরিস্থিতি ঠিক করার। আমরা চাই ভবিষ্যতে সহযোগিতা ও যোগাযোগ আরও গঠনমূলক হোক।’
খনিজসম্পদ নিয়ে চুক্তি করা প্রসঙ্গে জেলেনস্কি বলেন, ইউক্রেন যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজসম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত রয়েছে। সূত্র: বিবিসি