সীমান্ত থেকে বাড়তি সেনা কমিয়ে আগের অবস্থায় যাওয়ার খুব কাছে রয়েছে পাকিস্তান ও ভারত। পাকিস্তানের এক সামরিক কর্মকর্তা গতকাল শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে ওই তথ্য জানান।
চলতি মাসে ভারতের কাশ্মীরে পর্যটকদের ওপর হামলা ও হত্যার ঘটনার জেরে পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়। চার দিনের সংঘাতে দুই দেশই যুদ্ধবিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র ও ব্যাপক গোলাবারুদ ব্যবহার করে। পরে যুদ্ধবিরতি হয়। ওই সময় দুই দেশই সীমান্তে সেনার সংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় বৃদ্ধি করে।
পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ জেনারেল সাহির শামশাদ মির্জা এক সাক্ষাৎকারে বলেন, দুই দেশের সামরিক বাহিনী সেনার মাত্রা কমানোর প্রক্রিয়া শুরু করেছে। তিনি বলেন, ‘আমরা প্রায় ২২ এপ্রিলের পূর্ববর্তী অবস্থায় চলে এসেছি বা আমরা হয়তো দ্রুতই সেখানে পৌঁছে যাব।’
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দেশটির চিফ অব ডিফেন্স স্টাফ এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। মির্জা জানান, সংঘাতের সময় পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো পরিকল্পনা হয়নি। সূত্র: রয়টার্স।