ব্রিকসভুক্ত দেশগুলোকে ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক দিতে হবে বলে জানিয়ে দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (৮ জুলাই) ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, ব্রিকস যুক্তরাষ্ট্রের ক্ষতি করতে এবং ডলারের দাম কমানোর জন্য গঠন করা হয়েছে।
ট্রাম্প বলেন, ‘ব্রিকস গঠন করা হয় আমাদের ক্ষতি করার জন্য, আমাদের ডলারের দাম কমানোর করার জন্য...। ডলার যাতে আর স্ট্যান্ডার্ড না থাকে, তার জন্য। ওরা যদি নিজেদের খেলাটা খেলতে চায়, আমিও ওদের খেলাটা খেলতে পারি। সুতরাং ব্রিকসে যেই আছে তাদেরই ১০ শতাংশ চার্জ (শুল্ক) দিতে হবে।’
তিনি আরও যোগ করেন, ‘যে দেশগুলো ডলারকে চ্যালেঞ্জ করতে চায়, তাদের চড়া মূল্য দিতে হবে।’
তার কথায়, ‘আমি মনে করি না যে তাদের (ব্রিকস দেশগুলি) মধ্যে কেউ সেই মূল্য দিতে ইচ্ছুক।’
ব্রিকস অনেকাংশে ভেঙে গেছে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমি ভেবেছিলাম ব্রিকস আছে। আমি এক বছর আগে বলেছিলাম, এটি মূলত ভেঙে গেছে, তবে তাদের মধ্যে কয়েকটি দেশ এখনও ঝুলছে। ব্রিকস গুরুতর হুমকি নয়, তবে তারা ডলার ধ্বংসের চেষ্টা করছে।’
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে কটাক্ষ করে ট্রাম্প বলেন, ডলারের বৈশ্বিক অবস্থান রক্ষার জন্য আমেরিকার একজন স্মার্ট নেতা দরকার।
ট্রাম্প বলেন, ‘আমরা যদি ডলারের বিশ্বমান হারাই, সেটা হবে যুদ্ধে হেরে যাওয়ার মতো, বড় ধরনের বিশ্বযুদ্ধে হারের মতো। আমরা আর সেই মহান দেশ থাকব না। কিন্তু ডলারই রাজা। আমরা এভাবেই চলব।’ সূত্র: রয়টার্স