সুদানে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF) উত্তর কোরদোফান রাজ্যের কয়েকটি গ্রামে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। এতে নারী-শিশু সহ প্রায় ৩০০ জনকে হত্যা করেছে বলে জানিয়েছে ইমার্জেন্সি ল’ইয়ার্স নামে মানবাধিকার আইনজীবীদের একটি সংগঠন।
গত শনিবার (১২ জুলাই) তারা বারা শহরের আশপাশের গ্রামগুলোতে আরএসএফের এই হামলার তথ্য পেয়েছে।
সংগঠনটির ভাষ্যমতে, শাগ আলনোম গ্রামে একটি ভয়াবহ হত্যাকাণ্ড চালিয়ে ২০০ জনের বেশি মানুষকে হত্যা করা হয়। অনেককে ঘরের মধ্যে পুড়িয়ে মারা হয়, আবার অনেককে গুলি করে হত্যা করা হয়। কাছাকাছি আরও কয়েকটি গ্রামে ৩৮ জন নিহত হয়েছেন এবং অনেকে নিখোঁজ।
এর পরদিন হিলাত হামিদ গ্রামেও আরেকটি হামলায় কমপক্ষে ৪৬ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে গর্ভবতী নারী ও শিশুরাও ছিল।
ইমার্জেন্সি ল’ইয়ার্স বলেছে, যেসব গ্রামে হামলা চালানো হয়েছে, সেখানে কোনো ধরনের সামরিক ঘাঁটি বা লক্ষ্য ছিল না। তাই এটি নিছক যুদ্ধ নয়—এটি ছিল একটি পরিকল্পিত ও নির্মম গণহত্যা। আন্তর্জাতিক মানবাধিকার আইনকে সম্পূর্ণ উপেক্ষা করে এই হামলা চালানো হয়েছে।
২০২৩ সাল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে গৃহযুদ্ধ চলছে। সেনাবাহিনী দেশের পূর্ব ও মধ্যাঞ্চলে শক্ত অবস্থানে থাকলেও, আরএসএফ পশ্চিমাঞ্চলের দারফুর ও উত্তর কোরদোফানে তাদের নিয়ন্ত্রণ জোরদার করতে চাচ্ছে। সূত্র: আল জাজিরা
মেহেদী/