গাজায় মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১০৫ জন প্রাণ হারিয়েছেন। মধ্য গাজার দেইর এল-বালাহ থেকে তথ্যটি জানিয়েছেন আল জাজিরার প্রতিবেদক।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, ক্ষুধাজনিত কারণে গাজায় মৃতের সংখ্যা ৩৬১-তে গিয়ে পৌঁছেছে। মৃতদের মধ্যে ১৩০ জনই শিশু। সর্বশেষ ২৪ ঘণ্টায় গাজায় দুর্ভিক্ষ ও অপুষ্টিতে আরও তিন ফিলিস্তিনি মারা গেছেন।
ইসরায়েল নির্বিচার হামলা অব্যাহত রেখেছে। আগের মতোই বেসামরিকদের প্রাণের তোয়াক্কা করছে না। সম্প্রতি গাজা সিটিতে এক অন্তঃসত্ত্বা নারী ইসরায়েলি হামলায় মারা গেছেন।
ইসরায়েলি হামলার মুখে ফিলিস্তিনিরা গাজা সিটি থেকে সরে যেতে বাধ্য হচ্ছে। ওই শহরটিতে প্রায় ১০ লাখ মানুষ আশ্রয় নিয়েছিল। গোটা গাজার কোনো অঞ্চলই নিরাপদ নয়। তারা কোথায় যাবে, তা তারা জানে না।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ৬৩ হাজার ৫৫৭ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, অধিকৃত পশ্চিম তীরেও দমনপীড়ন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। সেখানে হেব্রনের মেয়রকে গ্রেপ্তার করেছেন তারা। ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফার বরাতে জানা গেছে খবরটি। তথ্যটি নিশ্চিত করেছে প্যালিস্টিনিয়ান প্রিজনারস মিডিয়া অফিসও।
ওয়াফার খবরে সুরক্ষা ও স্থানীয় সূত্রদের বরাত দিয়ে বলা হয়েছে, ইসরায়েলি বাহিসী হেব্রনের মেয়রের ঘরে জোর করে ঢুকে তাকে গ্রেপ্তার করে। তার সব জিনিসপত্র সে সময় তছনছ করা হয়। ওই ব্যক্তিকে এখন ইসরায়েলি বাহিনী কোথায় রেখেছে, তা জানা যায়নি।
হেব্রনের বিভিন্ন স্থানে সামরিক চেকপয়েন্টও বসিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এ ছাড়া বেশ কিছু সড়ক সিমেন্টের ব্লক, লোহার বেড়াজাল দিয়ে বন্ধ করে দিয়েছে তারা।
তেল আবিবে বিক্ষোভ
ইসরায়েলি ডাক্তাররা তেল আবিবের প্রধান সড়ক অবরোধ করে গাজা যুদ্ধের অবসান ও জিম্মিদের ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, বিক্ষোভকারীরা ট্রাফিক আটকে রেখেছেন। সূত্র: আল জাজিরা