জাপানের দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহর ওইতার সাগানোসেকি জেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭০টিরও বেশি ভবন পুড়ে গেছে। এ ঘটনায় ৭০ বছর বয়সী একজন জাপানি ব্যক্তির খোঁজ পাওয়া যায়নি।
গত মঙ্গলবার বিকেল থেকে এই আগুন ছড়িয়ে পড়ে এবং বুধবার (১৯ নভেম্বর) সকাল পর্যন্ত তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছে দেশটির অগ্নিনির্বাপণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।
গত মঙ্গলবার সন্ধ্যায় ওইটা শহরের একটি মাছ ধরার বন্দরের কাছে প্রবল বাতাসের সময় আগুনের সূত্রপাত হয় এবং পরে তা একটি বনে ছড়িয়ে পড়ে।
রয়টার্স জানায়, গত মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টা ৪০ মিনিটে আগুন লাগার পর পরিস্থিতি দ্রুত অবনতি হলে প্রায় ১৭৫ জন বাসিন্দা নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়।
আগুন নেভানোর জন্য কয়েক ডজন দমকল ইঞ্জিন এবং ২০০ জনেরও বেশি দমকলকর্মীকে মোতায়েন করা হয়। যদিও অগ্নিকাণ্ড শুরু হওয়ার প্রায় ২০ ঘন্টা পরেও তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
স্থানীয় টেলিভিশন স্টেশনগুলোর আকাশপথে ধারণ করা ফুটেজে দেখা গেছে, পুরো আবাসিক এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং পাহাড় ঘেঁষা শহরজুড়ে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠছে। পরিচিত মাছ ধরার বন্দর এবং বিখ্যাত সেকি-ব্র্যান্ড ম্যাকেরেল উৎপাদনের জন্য প্রসিদ্ধ এই অঞ্চলে আগুন নিকটবর্তী বনাঞ্চলেও ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
ওইতা প্রিফেকচারের গভর্নরের অনুরোধে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সামরিক অগ্নিনির্বাপক হেলিকপ্টার পাঠানোর নির্দেশ দিয়েছেন।
সুলতানা দিনা/