হুবহু সংবাদ প্রকাশ করার কারণে ময়মনসিংহ থেকে প্রকাশিত ১১টি সংবাদপত্রের ঘোষণাপত্র (ডিক্লারেশন) বাতিল করেছে জেলা প্রশাসন।
গত বৃহস্পতিবার ১১টি সংবাদপত্র বাতিলের আদেশ জারি করা হয়। তবে সোমবার (১৩ অক্টোবর) বিষয়টি জানাজানি হয়।
ডিক্লারেশন বাতিল হওয়া পত্রিকাগুলো হলো- মো. শামসুল আলম খান সম্পাদিত দৈনিক আজকের ময়মনসিংহ; এফ এম এ ছালাম সম্পাদিত দৈনিক দেশের খবর; এন বি এম ইব্রাহীম খলিল রহিম সম্পাদিত দৈনিক বিশ্বের মুখপত্র; মরহুম আবদুর রাজ্জাক তালুকদার সম্পাদিত দৈনিক ঈষিকা; নাসির উদ্দিন আহমেদ সম্পাদিত দৈনিক অদম্য বাংলা; আ ন ম ফারুক সম্পাদিত দৈনিক আলোকিত ময়মনসিংহ ও দৈনিক দিগন্ত বাংলা; মরহুম রেবেকা ইয়াসমিন প্রকাশিত দৈনিক জাহান; ওমর ফারুক সম্পাদিত দৈনিক কিষানের দেশ; ফরিদা ইয়াসমীন রত্না সম্পাদিত হৃদয়ে বাংলাদেশ ও বিকাশ রায় সম্পাদিত সাপ্তাহিক পরিধি।
দৈনিক দেশের খবর পত্রিকার সম্পাদক এফ এম এ ছালাম বলেন, আমাদের যদি রিভিউ করার সুযোগ থাকে, তাহলে রিভিউ করব। তা না হলে হাইকোর্টে যাব।
এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উম্মে হাবীবা মীরা বলেন, ডিক্লারেশনে উল্লেখ করা ছাপাখানার বাইরে অনুমোদনবিহীন ছাপাখানা থেকে ১১টি সংবাদপত্র প্রকাশিত হচ্ছিল। ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইনের কিছু ধারা লঙ্ঘন করে পত্রিকাগুলো প্রকাশিত করে আইনের লঙ্ঘন করায় তাদের ডিক্লারেশন বাতিল করা হয়েছে।
এর আগে চলতি বছরের ৮ এপ্রিল ময়মনসিংহ থেকে প্রকাশিত ১৩টি পত্রিকার দুটি পাতায় সব প্রতিবেদন হুবহু প্রকাশ করায় পত্রিকাগুলোর সম্পাদক ও প্রকাশকদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছিল জেলা প্রশাসন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উম্মে হাবীবা মীরা স্বাক্ষরিত নোটিশে পত্র পাওয়ার পাঁচ কার্যদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছিল। শোকজ করা ১৩টি পত্রিকার মধ্যে মো. আফসর উদ্দিন সম্পাদিত দৈনিক সবুজ ও এম এ মতিন সম্পাদিত দৈনিক নিউ টাইমস ছাড়া বাকি ১১টি পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হলো।
মিন্টু/মেহেদী/