নেত্রকোনা-৩ আসনের বিজয়ী স্বতন্ত্র প্রার্থী ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টুর সমর্থক নৌকার সমর্থকদের অস্ত্রের আঘাতে গুরুতর আহত রুহুল আমিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি মারা যান।
এর আগে নির্বাচনের দিন (৭ জানুয়ারি) আটপাড়া দেওগাঁও গোবিন্দপুর গ্রামে রাত ৮টার দিকে নৌকার সমর্থকদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছিলেন তিনি।
রুহুল আমিনের মামা গোলাম সবুজ নুরী বলেন, ‘রুহুল আমিন স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক ইফতেখার উদ্দিন পিন্টু্র সমর্থক ছিলেন। তিনি বিজয়ী হওয়ার পরে গ্রামে বিজয়োল্লাস করছিলেন সবাই। এ সময় নৌকার প্রার্থীর সমর্থকরা ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এতে রুহুল আমিন ও শাকের নামে দুইজন আহত হয়। পরে তাদের দুজনকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সোমবার বেলা ৩টার দিকে রুহুল আমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।’
রুহুল আমিন উপজেলার দেওগাঁও গোবিন্দপুর গ্রামে কাজিম উদ্দিনের ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত রুহুল আমিনের বুকে, মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আজিজুল হাকিম/জোবাইদা/অমিয়/