পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) বিষয়ে আগামীকাল (রবিবার) তদন্ত কমিটির প্রতিবেদনের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
শনিবার (৩১ মে) সকালে সাভারের আশুলিয়ায় শিল্প কারখানায় বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, ‘আরইবি ও পবিসে যারা কাজ করেন তাদের মধ্যে কোনো বৈষম্য নয়, এগুলো আমরা দেখতেছি। আগামীকাল পল্লী বিদ্যুৎ ও আরইবির কী সম্পর্ক হবে সেটা নিয়ে একটি সভা হবে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়ে আমরা একটা কমিটি করেছি। আগামীকাল সেই কমিটি চূড়ান্ত রিপোর্ট প্রেজেন্ট করলে আমরা ব্যবস্থা নেব। এছাড়া তাদের যেসব সমস্যা আছে সে ব্যাপারে আমরা ব্যবস্থা নিয়েছি। এসবের জন্য মিছিল মিটিং করে কোনো লাভ নেই। মিছিল, মিটিং, সভা, সমাবেশ করে ক্ষতি হয়। আগেও ২৬ থেকে ২৭টি জায়গায় ওরা বিদ্যুৎ বন্ধ করে দিয়েছিল। ওরা চেয়েছিল এটা ভাল হবে। কিন্তু এটাতো নাশকতামূলক কাজ। সে জন্য আমাদের সরকারকে বাধ্য হতে হয় কিছু ব্যবস্থা নিতে।’
ফাওজুল কবির খান বলেন, আজ আশুলিয়া, কালিয়াকৈর, টঙ্গী ও ভালুকা এলাকায় শিল্প কারখানায় বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি দেখব। বর্তমানে শিল্পাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বেড়েছে। আপনারা জানেন যে, এটা আরও দুএকদিন আগে হতো। কিন্তু সমুদ্র উত্তাল থাকায় গ্যাসটা নামানো সম্ভব হয়নি জাহাজ থেকে। তবে আজ থেকে সরবরাহ আরও বাড়বে।
এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে সকালেই আশুলিয়ায় ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ পরিদর্শনে এসে পবিসের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি কর্মসূচির মুখে পড়েন উপদেষ্টা। এ সময় আন্দোলনকারীরা উপদেষ্টার গাড়িবহর দেখে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
অমিয়/