নগর ভবনের সব তালা আগামীকাল রবিবার খুলে দেওয়া হবে। শুধু খোলা হবে না প্রশাসক এবং প্রকৌশলীদের কক্ষের তালা। এসব কক্ষে গত ১৪ মে একটি করে শিকল দিতে তালাবদ্ধ করা হয়। আজ আরও একটি করে শিকল দিয়ে তালাবদ্ধ করা হবে। ২০২৪ সালের ৫ আগস্টের আগের কোনো বিল ছাড় দিতে দেবে না ঢাকাবাসীর ব্যানারে করা আন্দোলনকারীরা। এছাড়া নতুন করে কোনো নিয়ােগ দিতে গেলেও তা প্রতিহত করবেন তারা।
রবিবার (২২ জুন) দুপুরে নগর ভবনে সংবাদ সম্মেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আঞ্চলিক অফিসসহ নাগরিক সেবা চালুর জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মরতদের নিজ নিজ কাজে ফিরে যেতে আহ্বান জানানো হয়।
ঢাকাবাসীর ব্যানারে করা আন্দোলনের সমন্বয়ক সাবেক সিনিয়র সচিব এ আহ্বান জানান। একইসঙ্গে ইশরাক হোসেনের শপথ গ্রহণ না করিয়ে আদালত ও সংবিধান অমান্য করায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার অপসারণ দাবি করেন তিনি।
ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও উত্তাল ছিল নগর ভবন। গত তিন দিন একটু ঢিলেঢালা থাকলেও আজ আবার নেতা-কর্মী ও সমর্থকদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে নগর ভবন।
রবিবার (২২ জুন) সকাল থেকে নগর ভবনের সামনে নেতা-কর্মী ও সমর্থকরা আসতে শুরু করেন। বেলা ১১টা থেকে ঢাকাবাসীর ব্যানারে অবস্থান কর্মসূচি শুরু হয়।
আন্দোলনকারীরা জানান, ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিয়ে সরকার একগুঁয়েমি আচরণ করছে।
সরকারের উপদেষ্টাদের আদালত অবমাননামূলক কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে তারা বলেন, ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন থামবে না।
ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গত ১৪ মে থেকে ঢাকাবাসীর ব্যানারে আন্দোলন শুরু হয়। সেদিনই নগর ভবনের সব ফটকে তালা দেওয়া হয়। যা এখন পর্যন্ত খোলা হয়নি।
আরিফ সাওন/অমিয়/