রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ে সম্প্রতি একটি শক্তিশালী সাউন্ড গ্রেনেড হামলার পর ভবনটির আশপাশে বাণিজ্যিক কার্যক্রম বন্ধসহ নির্বাচন ভবনের নিরাপত্তা টহল জোরদার করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে চিঠি দিয়েছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।
মঙ্গলবার (২৮ অক্টোবর ) ইসি সচিবালয়ের উপসচিব ও প্রধান নিরাপত্তা কর্মকর্তা শহিদ আব্দুস সালাম স্বাক্ষরিত চিঠি ডিএমপিতে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, আসন্ন নির্বাচনের প্রস্তুতি চলমান থাকায় ইসি সচিবালয় তথা নির্বাচন ভবনের সার্বিক নিরাপত্তা জোরদার করা প্রয়োজন।
এতে আরো উল্লেখ করা হয়, ২০২৫ সালের ২৫ অক্টোবর রাত ১১টা ১০ মিনিটের দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবন প্রাঙ্গণে একটি ভাস্কর্যের সামনে কিছু দুষ্কৃতকারী ককটেল বিস্ফোরণ ঘটায়।
চিঠিতে বলা হয়, অফিস সময়ের পর থেকে রাত অবধি এবং ছুটির দিনগুলোতেও নির্বাচন ভবনের সামনের ও আশপাশের এলাকায় বাণিজ্যিক কার্যক্রম চলতে থাকে, যার ফলে ভবনটি সবসময়ই ঝুঁকির মধ্যে থাকে।
আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে অগ্রাধিকার দিয়ে নির্বাচন কমিশন ডিএমপিকে অনুরোধ জানান, অতি দ্রুত প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য মোতায়েনের পদক্ষেপ নিতে, যাতে নির্বাচন ভবনের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা যায়।
নাঈম