স্বয়ংসম্পূর্ণ চাকরি-বিধিমালার (সার্ভিস রুল) দাবিতে বিক্ষোভরত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-ডিএমটিসিএলের কর্মীরা আজ শুক্রবার রাতে কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন। এতে মেট্রোরেল পরিচালনা নিয়ে জটিলতার নিরসন হয়। টানা ৫ ঘণ্টা বন্ধ থাকার পরে শুক্রবার রাত ৮টার দিকে মেট্রোরেল চলাচল শুরু হয়। এতে মেট্রোরেল যাত্রীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
মেট্রোরেলের এমআরটি-৬ প্রকল্পের উপ প্রকল্প পরিচালক আহসান উল্লাহ শরিফী এই তথ্য নিশ্চিত করেছেন।
আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মেট্রোরেল পরিচালনা প্রতিষ্ঠান ডিএমটিসিএলের অধস্তন কর্মচারীদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক আহমেদ। মেট্রোরেল ভবনে অনুষ্ঠিত সেই সভা শেষ হয় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে।
পরে বিক্ষুব্ধ কর্মীদের একজন খবরের কাগজকে বলেন, ‘আমাদের কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছি। রাত ৮টা ১৫ মিনিটে উত্তরা উত্তর থেকে রেভিনিউ ট্রেন রান (চলতে) করছে।’
ওই কর্মী খবরের কাগজকে জানান, মেট্রোরেল ভবনের জরুরি সভা শেষে সিদ্ধান্ত হয়েছে, আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে ডিএমটিসিএলের নবম থেকে বিংশতম গ্রেডের কর্মচারীদের জন্য স্বয়ংসম্পূর্ণ চাকরি-বিধিমালার (সার্ভিস রুল) ঘোষণা দেওয়া হবে। কর্মীদের বলা হয়েছে, বিক্ষোভের কারণে কোনো কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। এমন আশ্বাস আসার পরেই মেট্রোরেল কর্মীরা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দেন।
এর আগে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মেট্রোরেলের নবম থেকে বিংশতম গ্রেডের কর্মচারীরা আজ সকাল ৭টা থেকে কর্মবিরতি শুরু করেন। তারা রাজধানীর দিয়াবাড়িতে মেট্রোরেল ভবনের সামনে অবস্থান নিয়ে সার্ভিস রুল প্রণয়নের এক দফা দাবিতে স্লোগান দেন দিনভর। তাদের এই কর্মসূচির কারণে শুক্রবার বিকেলে ডিএমটিসিএল মেট্রোরেল পরিচালনা করতে পারেনি।
মেট্রোরেল চলাচলের সূচি অনুযায়ী, প্রতি শুক্রবার বিকেল ৩টা থেকে উত্তরা-উত্তর থেকে মতিঝিল অভিমুখে এবং বিকেল ৩টা ২০ মিনিটে মতিঝিল থেকে উত্তরা-উত্তর অভিমুখে মেট্রোরেল চলাচল করে। প্রতি শুক্রবার বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত প্রায় ৩ লাখ যাত্রী মেট্রোরেলে যাতায়াত করেন।
আজ মেট্রোরেল কর্মীদের কর্মবিরতির কারণে বিকেল ৩টা থেকে রাত সোয়া ৮টা পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। এতে বিপুল সংখ্যক যাত্রীকে ভোগান্তি পোহাতে হয় ছুটির দিনের বিকেলে।
মেট্রোরেল বন্ধ থাকায় শুক্রবার বিকেলে রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউ, রোকেয়া সরণিতে ব্যক্তিগত গাড়ির চাপ বেড়ে গিয়েছিল।
বিস্তারিত জানতে পড়ুন: কর্মীদের বিক্ষোভ, মেট্রোরেল চলাচল বন্ধ
জয়ন্ত/মাহফুজ