আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ নির্বাচন কমিশনকে কারিগরি সহায়তার জন্য ২০ লাখ ডলার (২ মিলিয়ন ডলার) অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা।
রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার এইচ ই অজিত সিং এ তথ্য জানান। অনুষ্ঠানে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফান লিলার উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর শেষে কানাডার হাইকমিশনার অজিত সিং বলেন, ‘বিশ্বাসযোগ্য, অন্তর্ভুক্তিমূলক ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতিতে আমরা গর্বিত। কানাডা বাংলাদেশের দীর্ঘদিনের অংশীদার ও বন্ধু। স্বাধীনতার পর বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর অন্যতম ছিল কানাডা।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে এক লাখেরও বেশি বাংলাদেশি-কানাডিয়ান দুই দেশের সম্পর্কের সেতুবন্ধন হিসেবে কাজ করছেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে বিশ্বের অন্যতম বৃহৎ নির্বাচন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে কী ঘটে, তা কানাডা ও বিশ্ব সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ। কানাডা বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রত্যাশা করে।’
অনুষ্ঠানে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফান লিলার কানাডা সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘নির্বাচন কমিশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য জাতিসংঘের কনসোর্টিয়ামকে সহায়তা দেওয়ায় কানাডার করদাতাদের প্রতি তিনি কৃতজ্ঞ।’
তিনি জানান, গত এক বছর ধরে ইউনেস্কো, ইউএন উইমেন, ইউএনওডিসি ও ইউএনডিপি- এই চারটি সংস্থা নির্বাচন কমিশনের অনুরোধে কারিগরি সহায়তা দিয়ে আসছে। কানাডার নতুন এই তহবিল সেই কার্যক্রমকে আরও জোরদার করবে।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারির আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি এখন ঢাকার দিকে। কানাডার এই অনুদান নির্বাচন সংশ্লিষ্ট কারিগরি ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধিতে ব্যয় করা হবে।
এলিস/রিফাত/