ঢাকা-১৬ (পল্লবী ও রূপনগর) নিজের নির্বাচনি এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও যেকোনো ধরনের অনিয়ম রুখতে হটলাইন চালু করেছেব যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। একই সঙ্গে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন তিনি।
জানা গেছে, ঢাকা-১৬ আসনের যেকোনো নাগরিক চাঁদাবাজি বা অনিয়মের শিকার হলে সরাসরি ০১৫৫২-১৬১৬১৬ নম্বরে কল করে অভিযোগ জানাতে পারবেন ভুক্তভোগীরা। জনগণের দুর্ভোগ লাঘবে এবং সরাসরি অভিযোগ গ্রহণের সুবিধার্থে এই বিশেষ হটলাইন নম্বর চালু করেছেন প্রতিমন্ত্রী।
এই উদ্যোগের বিষয়ে তিনি বলেন, আমার নির্বাচনি এলাকাকে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত রাখাই আমার প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজ বরদাস্ত করা হবে না। এই হটলাইনের মাধ্যমে আমি সরাসরি জনগণের সমস্যাগুলো তদারকি করতে চাই।
তিনি বলেন, পল্লবী ও রূপনগর এলাকায় যদি কেউ চাঁদাবাজি বা কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকে, তবে তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। অপরাধী যে-ই হোক না কেন, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা প্রতিমন্ত্রীর এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, সরাসরি অভিযোগ জানানোর সুযোগ থাকায় এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশে হ্রাস পাবে।
শফিকুল ইসলাম/নাঈম