কক্সবাজারের টেকনাফ এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৬০০ পিস ইয়াবাসহ একটি প্রাইভেট কার জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী।
শনিবার (১৯ এপ্রিল) রাতে টেকনাফের নৌবাহিনীর কন্টিনজেন্ট টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় এই অভিযান চালায়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) রবিবার (১৯ এপ্রিল) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আইএসপিআর জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের সময় একটি সন্দেহজনক প্রাইভেট কারের অবস্থান দেখে তল্লাশি চালানো হয়। এসময় কাউকে পাওয়া না গেলেও গাড়ির গ্যাস সিলিন্ডারের পেছনে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৩ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে গাড়িটিও জব্দ করা হয়েছে। জব্দ করা মাদক ও গাড়িটি টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।
আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ নৌবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার এবং অপরাধ দমনের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোতে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করছে। দেশের যুবসমাজ ও নতুন প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে সুরক্ষিত রাখতে উপকূলীয় এবং সমুদ্রপথে যেকোনো ধরনের মাদক প্রবেশ/পাচার প্রতিরোধে নৌবাহিনীর নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
আলমগীর হোসেন/এসএন