কোরবানির বর্জ্য অপসারণে দায়িত্বে অবহেলার দায়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের পর আরও ছয় কর্মকর্তার বিরুদ্ধে ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৯ মে) রাতে প্রধানমন্ত্রীর কাছ থেকে এই নির্দেশনা পেয়েছেন বলে জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রতিমন্ত্রী জানান, রাজধানীতে ময়লা আবর্জনা পরিষ্কার, পানি নিষ্কাশনের স্থান পরিষ্কার ও ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ পালনে ব্যর্থতার দায়ে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ উভয় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তাদেরকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করাসহ তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা কার্যকর করতে দ্রুত প্রক্রিয়া শুরুর কাজ করছি।’
এর আগে শুক্রবার সন্ধ্যায়, রাজধানীর কয়েকটি স্থানে কোরবানির বর্জ্য অপসারণে দায়িত্বে অবহেলার দায়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এই দুই আঞ্চলিক কর্মকর্তা হলেন- ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (জোন-৫) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান (উপসচিব) এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (জোন-১) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির (উপসচিব)।
শুক্রবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রধানমন্ত্রী কোনো প্রকার প্রটোকল ছাড়াই রাজধানীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা দেখতে বেরিয়েছিলেন। এ সময় ঢাকার কয়েকটি স্থানে বর্জ্য অপসারণ না হওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী গাড়ি নিয়ে গুলশান অ্যাভিনিউয়ের বাসা থেকে বেরিয়ে গুলশান-১ নম্বর সড়ক হয়ে হাতিরঝিল, রামপুরা রোড ও মালিবাগের আবুল হোটেল দিয়ে তালতলা মার্কেট হয়ে বাসাবো যান বলে জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
উপ-প্রেস সচিব আরও বলেন, এরপর প্রধানমন্ত্রীর গাড়ি কমলাপুর স্টেডিয়াম, সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে বাম দিকে যাত্রাবাড়ী মোড় দিয়ে ধোলাইখাল হয়ে শহিদ ফারুক সড়ক; দয়াগঞ্জ সড়ক দিয়ে নারিন্দা হয়ে রায়সাহেব বাজার মোড় দিয়ে আদালত সড়ক হয়ে নয়া বাজার; বংশাল রোড হয়ে গুলিস্তান, শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে নিউমার্কেট হয়ে সায়েন্স ল্যাবরেটরি থেকে ডান দিকে কলাবাগান, মিরপুর রোড ও সিটি কলেজের সামনে দিয়ে সীমান্ত স্কয়ার হয়ে জিগাতলা বাসস্ট্যান্ড দিয়ে ২৭ নম্বর সড়ক হয়ে মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে মহাখালী সড়ক প্রদক্ষিণ করেছে।
অমিয়/