বিতর্ক এড়াতে অন্তর্বর্তী সরকারের প্রতি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। ভাসানী অনুসারী পরিষদ এই আলোচনা সভার আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, ‘সংস্কারের জন্য এই সরকার অনেক কমিশন গঠন করেছে। তাদের প্রতি আমাদের এবং জনগণের আস্থা আছে। কিন্তু আমরা চাইব, সেটা দ্রুত সম্পাদন করে নির্বাচনকেন্দ্রিক যে সংস্কারব্যবস্থা, সেটির মাধ্যমে আমরা আলোর দিকে এগিয়ে যাব। এটি যত দেরি হবে তত বিতর্ক সৃষ্টি হবে। ততই বাংলাদেশের শত্রুরা সংগঠিত হবে। শেখ হাসিনা শক্তিশালী হয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবে। তাই অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ, যত দ্রুত সম্ভব নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। রোড ম্যাপ ঘোষণা করলেই অনেক বিতর্কের অবসান হয়ে যাবে এবং আস্থার সৃষ্টি হবে।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “যেদিন তত্ত্বাবধায়ক সরকারকে আওয়ামী লীগ বিলুপ্ত করে দিল, সেদিন বেগম খালেদা জিয়া প্রেস কনফারেন্সে বলেছিলেন, ‘আজ থেকে বাংলাদেশে অস্থিতিশীলতা, অনিশ্চয়তা ও সহিংসতা সৃষ্টি হলো।’ পরে তাই হয়েছিল। আমরা দেখেছি, ১৫ বছর ধরে একটা ফ্যাসিবাদী ব্যবস্থা, গুম, হত্যা, ভয়াবহতার মধ্য দিয়ে একনায়কতন্ত্র ব্যবস্থার দিকে চলে যাচ্ছিল এই দেশ এবং গিয়েছিল প্রায়! তাই সরকারের কাছে প্রত্যাশা, যত দ্রুত সম্ভব এই জঞ্জাল পরিষ্কার করে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনবেন।”
তিনি আরও বলেন, ‘অনেকে বলছেন বিরোধী দল শুধু নির্বাচন নির্বাচন করছে। কিন্তু আমরা আমাদের অভিজ্ঞতা থেকেই নির্বাচনের কথা বলছি। একটা সুষ্ঠু নির্বাচিত সরকারই পারে দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করতে।’
মওলানা আবদুল হামিদ খান ভাসানী প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘মওলানা ভাসানী একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র গঠনের জন্য আমৃত্যু লড়াই করে গেছেন। তিনি একমাত্র নেতা যিনি সংগ্রামে জয়ী হয়েও কখনো ক্ষমতায় যাননি। পাকিস্তান সরকারের বিরুদ্ধে লড়াই করে যুক্তফ্রন্ট ক্ষমতায় গেছে। কিন্তু তিনি ক্ষমতায় বসেননি। এই মানুষটা সম্পর্কে আরও জোরালোভাবে কথা বলা দরকার। এই ধরনের নেতা বিরল। এই লোকটিকে সঠিকভাবে মূল্যায়িত করা হয়নি। তাই আমরা যারা তার অনুসারী আছি, সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে তাকে আরও বেশি করে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে।’