ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীম বলেন, ‘আমরা ইসলাম, দেশ ও মানবতার পক্ষের শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে দেশ গড়ার কাজ করতে চাই। ইসলামের পক্ষে বৃহত্তর ঐক্যের জন্য আমাদের চেষ্টা সফল হবে ইনশাআল্লাহ।’
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) চরমোনাইয়ের বার্ষিক মাহফিলের দ্বিতীয় দিনের শীর্ষস্থানীয় ওলামা মাশায়েখ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হকসহ শতাধিক ওলামা মাশায়েখ উপস্থিত ছিলেন।
সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘যখন কোনো বাতিল শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করেছে, তখনই এ দেশের ওলামায়ে কিরাম প্রতিবাদে গর্জে উঠেছেন। তেমনিভাবে আগামী নির্বাচনে সব অপশক্তিকে রুখে দিয়ে ইসলামকে রাষ্ট্রক্ষমতায় আনার জন্য ইসলামি শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।’
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেন, ‘আমি মনে করি আমাদের অন্তরের ঐক্য হলে বৃহত্তর ঐক্য সম্ভব।’