জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, জালিম অতীতে ছিল, না বর্তমানে আছে, না ভবিষ্যতে আসবে সেটা আমাদের দেখার বিষয় না। যেখানেই জুলুম, সেখানেই সংগ্রাম, যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ, যেখানেই দুর্নীতি সেখানেই আমাদের প্রতিবাদ। এ দেশে কোনো দুর্নীতিবাজের অস্তিত্ব আমরা সহ্য করবো না। দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে পাবনার ঈশ্বরদীর মোস্তাফিজুর রহমান বিশ্বাস কলম (৫৫) নামে জামায়াতে ইসলামীর এক কর্মীর মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে দুপুর ২টার দিকে জামায়াতের আমির ড. শফিকুর রহমান হেলিকপ্টারে করে ঈশ্বরদী পৌর শহরের এম মুনসুর আলী স্টেডিয়ামে এসে নামেন। সেখান থেকে সরাসরি তিনি জামায়াত কর্মী কলমের কবর জিয়ারত করতে ছলিমপুরের বড়ইচারা যান। জিয়ারত শেষে তিনি কলমের বাড়িতে যান এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। পরে দুপুর আড়াইটার দিকে তিনি আলহাজ মিলস উচ্চ বিদ্যালয় মাঠে কলমের দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন এবং বক্তব্য রাখেন।
প্রধান অতিথি জামায়াতের আমির ড. শফিকুর রহমান বলেন, 'যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের মুক্তি নিশ্চিত না হবে, ততদিন আমাদের প্রতিবাদ, সংগ্রাম চলবে। জামায়াতে ইসলামী আল কোরআনের আইন চালু করতে চায়। কেননা আল কোরআনের পথ ধরেই মানুষের,
বিশ্ববাসীর মুক্তি আসবে। আমাদের কোনো ভুল সিদ্ধান্তে জাতির কোনো অকল্যাণ না হয়।'
এ সময় জামায়াতকর্মী কলমকে তিনি স্মরণ করে বলেন, 'নিহত মোস্তাফিজুর রহমান বিশ্বাস কলম আমাদের হাতে কলম তুলে দিয়ে গেছেন। সেই কলমের মর্যাদা যেন আমরা রক্ষা করতে পারি। এ সময় তিনি ঢাকায় মাইলস্টোন স্কুলের নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেন।'
দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মওলানা রফিকুল ইসলাম খান ও পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ড. নুরুজ্জামান প্রামাণিক। শহরের আলহাজ টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে ঈশ্বরদী উপজেলা জামায়াতে ইসলামী।
পরে তিনি কলমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন। অনুষ্ঠান শেষ করে বিকেলেই তিনি হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
গত শনিবার (১৯ জুলাই) রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগদানের পথে ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়ন জামায়াতের কর্মী মোস্তাফিজুর রহমান বিশ্বাস কলম (৫৫) হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। ওইদিন ২৫ বাস ও ১১টি মাইক্রোবাসে করে ঈশ্বরদী থেকে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে যাচ্ছিলেন জামায়াতে ইসলামীর ঈশ্বরদীর নেতা-কর্মীরা। কলমও তাদের সঙ্গে একটি বাসে ছিলেন। গাজীপুরের চান্দুরায় পেীঁছালে কলম হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জাহাঙ্গীর/মেহেদী