জামায়াতে ইসলামীর নেতাদের ‘বেগম পাড়া’ কিংবা ‘পিসি পাড়া’ নেই বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘জামায়াতের কোনো নেতা কখনোই দেশ ছেড়ে পালিয়ে যায়নি এবং যাবেও না। যারা দেশ ও জনগণকে ভালোবাসে না, তারাই বিদেশে নিজেদের দ্বিতীয় ঠিকানা গড়ে তুলেছেন। তারা নিজেদের স্বার্থে দেশ ছেড়ে পালিয়ে গেছে।’
শুক্রবার (২৫ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতের আমির বলেন, ‘দেশের সংকটকালে জনগণের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতের বিদেশ থেকে দেশে এসে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আধিপত্যবাদের দোসর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে। যার কারণে জামায়াতের শীর্ষ নেতাদের রাজনৈতিক প্রতিহিংসায় বিচারিক হত্যা করা হয়েছে।’
জামায়াত দল নিয়ন্ত্রণ করেছে, দেশও নিয়ন্ত্রণ করতে পারবে বলে মন্তব্য করে তিনি বলেন, বিগত ৫৪ বছরে জামায়াতের কোনো নেতাকর্মী দেশের একজন নাগরিকের প্রতিও অবিচার করেনি, জুলুম করেনি। কোনো নেতা-কর্মী চাঁদাবাজি কিংবা সন্ত্রাসী করেনি, করবেও না। যারা দলই নিয়ন্ত্রণ করতে পারে না, তারা দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সার্বিক পরিস্থিতিও নিয়ন্ত্রণ করতে পারবে না।
পৃথিবীর একমাত্র অসাম্প্রদায়িক ধর্ম ইসলাম উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক কারবারি, ধর্ষক, খুনি, লুটেরাদের ভয়ের কারণ আছে, এজন্য তারা অপপ্রচার চালাচ্ছে। সব ধর্মের নারী-পুরুষ সবারই রাষ্ট্রের কাছে সমান। রাষ্ট্র ধর্মের কিংবা লিঙ্গের বৈষম্য করতে পারে না। কেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে নারীদের চলাফেরায় বাঁধা সৃষ্টি হবে? আমাদের মা-বোনেরা প্রয়োজনে বাজার-হাসপাতাল ও প্রয়োজনীয় মৌলিক সব কাজ করতে পারবেন। জামায়াতের রাজনীতি হবে কেবলই মানুষ ও মানবতার কল্যাণে।
সভাপতির বক্তব্যে মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াতে ইসলামী আগামীতে রাষ্ট্র পরিচালনার প্রস্তুতি নিচ্ছে। জামায়াতের অগ্রযাত্রা কোনো ষড়যন্ত্রে থেমে যায়নি, যাবে না। একটি বৈষম্যহীন সুখী-সমৃদ্ধ আধুনিক কল্যাণ ও মানবিক রাষ্ট্র বিনির্মাণে জামায়াতের নেতৃত্বে এগিয়ে আসতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।
দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান, প্রচার ও মিডিয়া বিভাগীয় সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। সম্মেলন দারসুল কোরআন পেশ করেন জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা এটিএম মাছুম।
শফিকুল ইসলাম/মাহফুজ