রাজধানীর বিজয়নগরের দলীয় সমাবেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর হুঁশিয়ারি দিয়ে বলেন, জাতীয় পার্টির (জাপা) নিবন্ধন বাতিল করে দলটির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা না হলে মব তৈরি করে তাদের ‘শিক্ষা দেওয়া হবে।’
শুক্রবার (২৯ আগস্ট) নুর আরও বলেন, ‘জি এম কাদেরের বাসা উত্তরা। এত জায়গায় মব হলো সেখানে তো কোনো মব হল না। যারা মব করে একে, ওকে ভাগান, ওখানে গিয়ে তারে (জি এম কাদের) ভাগাইলেন না? সরকারকে বলব, জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধ করা না হয়, তাহলে জনতার মব বলেন, আর প্রেসার ক্রিয়েট গ্রুপ বলেন, তারা সেখানে গিয়ে উচিত শিক্ষা দেবে।’
সমাবেশে দলের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ‘জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতাকে হত্যার দায়ে জি এম কাদেরের বিরুদ্ধে মামলা করা হলেও তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না। সরকার যদি জি এম কাদেরকে গ্রেপ্তার না করে, তাহলে আমরা জি এম কাদেরের বাড়ি ঘেরাও করব।’
রাশেদ বলেন, ‘জি এম কাদেরের কত বড় স্পর্ধা তিনি কাকরাইলে সমাবেশ করেন; মিছিল-মিটিং করেন এখানে। আবার যদি রাস্তায় নামার চেষ্টা করেন, তাহলে জীবন নিয়ে ঘরে ফিরতে পারবেন না।’