আগামী ফেব্রুয়ারিতে বহুল প্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র বলে মন্তব্য করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ।
সংগঠনটি বলছে, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় পুলিশের সঙ্গে প্রকৌশল শিক্ষার্থীদের মারমুখী আচরণ ও পুলিশকে আহত করা থেকে বিষয়টি স্পষ্ট। আমরা সরকারের আইন প্রয়োগকারী সংস্থার কাছে বিষয়টি গভীরভাবে তদন্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আশা করছি সরকার এ দেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পেশাজীবী ও ছাত্র শিক্ষকদের ইতিবাচক আন্দোলনকে মূল্যায়ন করবেন।
শনিবার (৩০ আগস্ট) রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনের সিইসি কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব প্রকৌশলী ইমাম উদ্দিন এ মন্তব্য করেন।
দেশের ৮ লক্ষাধিক ডিপ্লোমা প্রকৌশলী ও সাড়ে চার লক্ষাধিক পলিটেকনিক শিক্ষার্থীর পক্ষে প্রকৌশল শিক্ষার্থীদের চলমান আন্দোলনের বিষয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম।
লিখিত বক্তব্য প্রকৌশলী ইমাম উদ্দিন বলেন, 'প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উত্থাপিত ৩ দফা দাবির কোনো যৌক্তিকতা নেই। কেননা, বিষয়গুলো সরকারের ১৯৭৮ ও ১৯৯৪ সালের প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারিত রয়েছে। আমরা মনে করি, তাদের এই আন্দোলনের পেছনে কোনো অপশক্তির ইন্ধন রয়েছে। তারা আন্দোলনের মাধ্যমে পুরো প্রকৌশল শিক্ষাঙ্গণ ও প্রকৌশল কর্মক্ষেত্রকে অস্থিতিশীল করার পাশাপাশি দেশে চরম নৈরাজ্য পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে।'
তিনি বলেন, 'প্রকৌশল কর্মক্ষেত্রের মীমাংসিত বিষয়গুলো অক্ষুণ্ন রাখবেন। আমাদের ৭ দফার অন্যান্য দাবিগুলোর যৌক্তিক সমাধান করবেন। আমরা সরকারের বৈষম্যমুক্ত বাংলাদেশ নির্মাণের দর্শনের প্রতি আস্থাশীল। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিগুলোর যৌক্তিকতার সুপারিশ প্রণয়নের জন্য ৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি বিদ্যুৎ, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং সদস্য সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মুহাম্মদ মোজাম্মেল হক। এই কমিটিতে সরকারের ৩ জন উপদেষ্টা রয়েছেন। এই কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক ১৪ সদস্যবিশিষ্ট ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে। তবে এই কমিটিতে মাত্র ৪ জন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সদস্য হয়েছেন।'
ইমাম উদ্দিন বলেন, 'বিএসসি ডিগ্রি প্রকৌশলীদের আধিক্যতার কারণে পক্ষপাতিত্বের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ওয়ার্কিং কমিটিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ডিগ্রি ইঞ্জিনিয়ারদের পক্ষে থেকে একজন করে অন্তর্ভুক্ত রেখে অবশিষ্ট ১২জন নিরপেক্ষ সাধারণ প্রশাসনিক ক্যাডারের অন্তর্ভুক্ত করে ওয়ার্কিং কমিটি পুনর্গঠনের দাবি জানাচ্ছি।'
এক প্রশ্নের উত্তরে প্রকৌশলী আখেরুজ্জামান বলেন, 'প্রকৌশলীদের তিন দফা দাবি মেনে নিলে তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকুরির ক্ষেত্র সংকুচিত হবে এবং এই পদ্ধতিতে পড়ালেখাও বাদ হয়ে যেতে পারে। কেননা, মেট্রোরেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত পদে বিএসসি ইঞ্জিনিয়াররা আবেদন করেছে। এমনকি মামলা করে পরীক্ষা স্থগিত করেছে। এতে রাষ্ট্রের ক্ষতি, জনগণের ক্ষতি।'
শফিকুল/মেহেদী/