শাপলা প্রতীক নিয়েই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী নির্বাচনে অংশ নেবে বলে মন্তব্য করেছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি বলেন, ‘শাপলা পাব না আমরা এটা বিশ্বাস করি না। যেহেতু আইনগত কোনো বাধা নেই, নির্বাচন কমিশন অবশ্যই এনসিপিকে শাপলা প্রতীক দেবে। সেই শাপলা নিয়েই এনসিপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে।’
মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহের তারেক স্মৃতি অডিটরিয়ামে এনসিপি ময়মনসিংহ জেলার সমন্বয় সভার শুরুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাব শেষে তিনি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
তিনি আরও বলেন, ‘যে নির্বাচন কমিশন অন্যায়ভাবে কাউকে প্রতীক থেকে বঞ্চিত করতে পারে, সেই নির্বাচন কমিশন এ বাংলাদেশে কখনই স্বাধীন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে পারে না। ওই নির্বাচন কমিশনের অধীনে দেশে কোনো নির্বাচন হওয়া সম্ভব নয়।’
সারজিস আলম বলেন, ‘এনসিপি কয়েকটি আসনের জন্য রাজনীতি করছে না। ১৯৭১ সালের পর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ‘চব্বিশ’। সেই ‘চব্বিশ’-এ যারা নেতৃত্ব দিয়েছে, তাদের নিয়েই এনসিপি গঠিত হয়েছে। কয়েকটি আসনের জন্য এনসিপি কারও সঙ্গে ঐক্য করবে-এটি আমরা বিশ্বাস করি না। আমরা উচ্চকক্ষে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) চাই, নিম্নকক্ষে নয়।’
তিনি বলেন, ‘আমরা সংগঠনিক সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করছি। অতীতে টাকার বিনিময়ে মনোনয়ন দেওয়ার যে সংস্কৃতি ছিল, আমরা সেই দুর্নীতিগ্রস্ত সংস্কৃতিতে যেতে চাই না। তাই আমরা জেলা থেকে ওয়ার্ড পর্যন্ত কমিটি গঠন করতে চাই। আমাদের ত্যাগী নেতা-কর্মীদের মাধ্যমে আগামী সংসদ নির্বাচনে প্রতিটি আসনে যোগ্য প্রার্থী দিতে পারব বলে বিশ্বাস করি।’
সারজিস আলম বলেন, ‘সুস্থ ধারার রাজনীতিতে আমাদের ফিরে যেতে হবে। তরুণদের নিয়ে সব ধরনের দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। সংসদে না গেলে বাংলাদেশের কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না।’
তিনি আরও বলেন, ‘তারুণ্যের ক্ষমতায়ন আগামীর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য ও দুর্নীতিবিরোধী গণআন্দোলনের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। এই বার্তাগুলো পৌঁছে দিতে আমরা ময়মনসিংহ জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে এ সমন্বয় সভা করছি। আশা করছি, খুব শিগগিরই এনসিপির সাংগঠনিক বিস্তৃতি ওয়ার্ডে ওয়ার্ডে ছড়িয়ে পড়বে।’
সভায় আরও বক্তব্য রাখেন- ময়মনসিংহ জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জাবেদ রাসিনের সভাপতিত্বে এনসিপি নেতা আশিকিন আলম, এটিএম মাহবুবুল আলম, আবু রায়হান, মাহমুদুর রহমান, মাসুদ রানা ও মেহেদী হাসান প্রমুখ।
মিন্টু/রিফাত/