ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬

সর্বশেষ
পরকালের আয়নায় আপনার কর্মফল দেখেছেন কি? সাংবাদিকতায় দলীয় লেজুড়বৃত্তিমুক্ত পরিবেশ প্রয়োজন: মোস্তফা কামাল আয়াতুল্লাহ আলি খামেনির দাফনের তারিখ ঘোষণা নিজেকে সমকামী বলে কটাক্ষের জবাব দিলেন মৌনী ফ্যাশনে বিশ্বকাপ মাদক কারবারে হাজার কোটিপতির উত্থান, দাবি ভূমিমন্ত্রীর ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি হওয়ার সম্ভাবনা: পাকিস্তান প্রধানমন্ত্রী বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে তুলে ধরে প্রশংসিত সঞ্জয় বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ বিষয়ক প্রবন্ধ রচনা, ১ম পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র এআই উদ্ভাবনে মেট্রোপলিটন ইউনিভার্সিটির কৃতিত্ব, ফাইনালে ‘কগনিভার্স’ ‘সবুজ সাথী’ সম্মাননায় ভূষিত সিলেট সিটি করপোরেশন ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল ঘরেই মিলবে কৃত্রিম দিনের আলো চকরিয়া থেকে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির যাত্রা শুরু রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বিদেশি ঋণনির্ভর ও লুটপাটের বাজেট জনগণের প্রত্যাশা পূরণ করবে না: গোলাম পরওয়ার শহিদ ওয়াসিমের কবর জিয়ারত ও পরিবারকে সহায়তা প্রধানমন্ত্রীর রংপুরে অভিনব উপায়ে দল পরিবর্তন করলেন ব্রাজিল সমর্থক সহধর্মিণীকে সঙ্গে নিয়ে ডুলাহাজারা সাফারি পার্কে তারেক রহমান আইভিএফে যমজ সন্তানের জন্ম, ডিএনএ পরীক্ষায় মিলল না বাবা-মায়ের পরিচয় ১০ জেলা হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রবিবার মানুষকে রোগ সম্পর্কে সচেতন করছে তথ্যপ্রযুক্তি তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে: মির্জা ফখরুল গ্রামীণ কাঁচা সড়ক পাকাকরণ জরুরি‎ আন্তর্জাতিক উত্তম চর্চা এবং রাজস্ব ব্যবস্থায় সংস্কার কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রিকশাচালককে গণপিটুনি রাজবাড়ীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল সৌদি কারাগারে মৃত্যু, ২৮ দিন পর দেশে মরদেহ ইতিহাস গড়ার পথে হন্ডুরাসের রেফারি সিরাজউদ্দৌলা নাটকের ৪টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির বাংলা ১ম পত্র
Nagad desktop

শরিকদের আসনে জয় নিয়ে দুশ্চিন্তায় বিএনপি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ০৮:৪২ এএম
আপডেট: ২৫ অক্টোবর ২০২৫, ১০:২৬ এএম
শরিকদের আসনে জয় নিয়ে দুশ্চিন্তায় বিএনপি
খবরের কাগজ গ্রাফিকস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট শরিকদের ৩০-৩৫টি আসনে ছাড় দিতে পারে বিএনপি। ইতোমধ্যে ১২ জনকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। তবে ছেড়ে দেওয়া আসনে শরিক দলের প্রার্থীরা জয়লাভ করতে পারবেন কি না, তা নিয়ে বিএনপির মধ্যে আলোচনা আছে। বলা হচ্ছে, চার-পাঁচজন ছাড়া শরিকদের বেশির ভাগেরই দলগত ও নিজস্ব কোনো ভোটব্যাংক নেই। নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও (সংশোধন) অধ্যাদেশের খসড়া কার্যকর হলে শরিকরা ধানের শীষ প্রতীক পাবেন না। সে ক্ষেত্রে তাদের অনেকেরই জয়ের সম্ভাবনা আরও কমে যেতে পারে।
 
২০০১ সালের নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) মিলে চারদলীয় জোট গঠন করে নির্বাচনে অংশ নিয়েছিল। তবে ওই দলগুলোর প্রত্যেকেরই নিজস্ব কিছু ভোটব্যাংক ছিল। ২০০৮ সালের ডিসেম্বরের সংসদ নির্বাচনে গড়ে ৪ শতাংশের বেশি ভোট পায় জামায়াত। ২০১৮ সালে নিবন্ধন না থাকায় ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেয় দলটি। ওই নির্বাচনে বেশির ভাগ আসনে জামায়াতকে ১৫ থেকে ৩০ হাজারের মতো ভোট পেতে দেখা যায়।
 
অন্যদিকে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর পৈতৃক আসন ভোলায় তার নিজস্ব ভোটব্যাংক রয়েছে। তার বাবা জাতীয় পার্টির সাবেক মহাসচিব প্রয়াত নাজিউর রহমান মঞ্জুর ভোলার জনপ্রিয় নেতা ছিলেন। ২০০৮ সালের নির্বাচনে বিএনপির খারাপ ফলাফলের মধ্যেও ভোলা-১ আসন থেকে জয়লাভ করতে সমর্থ হন পার্থ। ২০১৮ সালের নির্বাচনে পার্থ ঢাকা-১৭ থেকে অংশ নিয়েছেন। পার্থর বাইরে বাংলাদেশ এলডিপির শাহাদাত হোসেন সেলিম ও সৈয়দ এহসানুল হুদার জয়লাভের সম্ভাবনা রয়েছে বলে বিএনপির মধ্যে আলোচনা রয়েছে।
 
এলডিপির একাংশের নেতা হওয়া সত্ত্বেও চট্টগ্রাম ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং চট্টগ্রাম মহানগরী বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমকে বিএনপির নেতা-কর্মীরা গ্রহণ করেছেন বলে দলটির নেতা-কর্মীরা মনে করছেন। কিন্তু শরিক অন্য দলগুলোর প্রার্থীদের জয়লাভের সম্ভাবনার বিষয়ে এ ধরনের আলোচনা বিএনপিতে নেই।
 
যদিও শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে শরিক দলগুলোর যথেষ্ট অবদান রয়েছে। ১৫ বছরের কঠিন পরিস্থিতির মধ্যেও তারা বিএনপিকে ছেড়ে যায়নি। তা ছাড়া জোটের অনেক নেতারই দলের ভেতর ও বাইরে ক্লিন ইমেজ রয়েছে। কেউ কেউ সুশীল সমাজের কাছেও অত্যন্ত গ্রহণযোগ্য। ফলে বিএনপির কাছ থেকে আসন-ছাড়ের ব্যাপারে তারা সত্যিকার অর্থে হকদার ও দাবিদার বলে বিবেচিত। কিন্তু নির্বাচনি বৈতরণী কীভাবে পার হবেন ভোটের হিসাব-নিকাশ, সেটি মিলছে না। ফলে চিন্তিত হয়ে পড়েছে বিএনপি।

দলটির দুশ্চিন্তার আরও বড় কারণ হলো, শেখ হাসিনা বিগত তিনটি নির্বাচনে গোয়েন্দা সংস্থা এবং প্রশাসনের প্রভাব খাটিয়ে শরিক দলের প্রার্থীদের জয়লাভ করিয়ে এনেছেন। অনেকের মতে, হাসিনা শুধু প্রার্থীদের নামের তালিকা দিয়েছেন; ফলাফল ঠিক করেছে প্রশাসন। ফলে কর্তৃত্ববাদী সরকারপ্রধান হাসিনার মিত্রদের এমপি হতে তেমন কষ্ট করতে হয়নি। শুধু মনোনয়ন পেলেই তারা পাস করেছেন। এমনকি অনেককে তেমন অর্থও খরচ করতে হয়নি। শুধু শেখ হাসিনার ‘ইচ্ছা’ অনুযায়ী তালিকা ধরে প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার ‘যৌথ প্রযোজনায়’ সারা দেশের প্রার্থীদের জয়-পরাজয় ঘোষণা করা হয়েছে বলে দেশে রাজনীতিতে আলোচনা আছে।
 
কিন্তু আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই ধরনের নির্বাচন কোনোভাবেই সম্ভব হবে না বলে দেশের অধিকাংশ রাজনৈতিক দল মনে করছে। তাদের মতে, দেশের বিদ্যমান বাস্তবতায় বিএনপি বা কোনো দলের ইচ্ছায় প্রার্থীদের জয়লাভ করা সম্ভব হবে না। জনগণের ভোটের মাধ্যমেই তাদের জয়লাভ করতে হবে। তা ছাড়া প্রতিটি আসনে বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশী প্রার্থী রয়েছেন। তারা খুব সহজে শরিক প্রার্থীদের ছাড় দিয়ে সর্বাত্মক সমর্থন দেবেন কি না, তা নিয়ে সংশয় বিএনপির ভেতরেই রয়েছে।

অনেকের মতে, তারেক রহমান কঠোর সিদ্ধান্ত নিয়ে দলের বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করলেও তাতে কতটা ফল আসবে, তা নিয়ে দুশ্চিন্তা রয়েছে। কারণ এলাকার নেতা-কর্মীরা গত ১৭ বছর মনোনয়নপ্রত্যাশী স্থানীয় প্রভাবশালী দলীয় নেতাদের সঙ্গে ছিলেন। আন্দোলনের পাশাপাশি মামলা-হামলা মোকাবিলায়ও তারা ছিলেন এক কাতারে। তাদের কারও ব্যবসা, কারওবা চাকরি খোয়া গেছে। কেউ পঙ্গু, আবার কারও পরিবারের সদস্য গুম হয়েছেন। এদের বড় অংশ পুলিশি হামলা ও মামলার ভয়ে গত এক যুগ এলাকায় ঢুকতে পারেননি। এমন পরিস্থিতিতে দলীয় কেউ নির্বাচিত হলে তার কাছ থেকে ‘কিছু না কিছু’ সুবিধা এবং দুঃসময়ে আশ্রয় পাওয়া যাবে বলে বিএনপির নেতা-কর্মীরা মনে করছেন। 

ফলে হঠাৎ করে নতুন কেউ জোটের প্রার্থী হয়ে এলাকায় গেলে তার পেছনে বিএনপির নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামবেন, এটা কেউ বিশ্বাস করতে পারছেন না। বিএনপি নেতাদের মতে, কোনো কারণে বিএনপির এক বা একাধিক বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকলে দলীয় নেতা-কর্মীরা তাকেই ভোট দিয়ে দিতে পারেন। সে ক্ষেত্রে দলীয় বহিষ্কারাদেশ কতটা কার্যকর করা যাবে, তা নিয়ে বিএনপিতে ব্যাপক সংশয় রয়েছে। অবশ্য জোট প্রার্থীরা নিজস্ব ক্যারিশমায় সবাইকে কতটা সংগঠিত করতে পারেন তার ওপর অনেক কিছু নির্ভর করছে।

বিএনপির স্থায়ী কমিটি ও লিয়াজোঁ কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী খবরের কাগজকে বলেন, ‘জোট থেকে সরে আসার কোনো প্রশ্নই আসে না। যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গে প্রথমে ৪২টি দল যোগ দেয়, পরে আরও ১০টি দল আসে। সব মিলিয়ে ৫২-৫৩ দলের নেতারা আমাদের সঙ্গে রাজপথে কষ্ট করেছেন, কারাগারে গেছেন। আমরা বড় দল বলে সবকিছু নিয়ে নেব, এটা হতে পারে না। তাদের আমরা মূল্যায়ন করব।’

জানা গেছে, গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও (সংশোধন) কার্যকর হলে এবার জোট বা মিত্র দলগুলোকে নিজস্ব প্রতীকে নির্বাচনে অংশ নিতে হবে। জোটের প্রার্থী হলেও তাই তাদের পক্ষে ‘ধানের শীষ’ নিয়ে নির্বাচন করা সম্ভব হবে না। ফলে এই নেতাদের ঐক্যবদ্ধ করা আরও কঠিন হতে পারে। তবে নির্বাচন কমিশনে নিবন্ধন নেই- এমন দলগুলো ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে পারবে। আরপিওর নতুন বিধানের বিষয়ে বিএনপি সন্তুষ্ট নয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, জোটের প্রার্থীরা যাতে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে পারেন, আরপিও অধ্যাদেশের খসড়ায় পরিবর্তন আনার জন্য নির্বাচন কমিশনে চিঠি দেবে বিএনপি। 

পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-জিয়ানগর) আসনে জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারকে সবুজ সংকেত দিয়েছে বিএনপি। ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষের মনোনয়ন পেলেও তিনি ফিরিয়ে দিয়েছিলেন। সে সময় ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন দেলোয়ার হোসেন সাইদীর ছেলে শামীম সাঈদী। প্রশ্নবিদ্ধ সেই নির্বাচনে আওয়ামী লীগের শ ম রেজাউল করিমের ৩ লাখ ৩৭ হাজার ৬১০ ভোটের বিপরীতে শামীম সাইদী ৮ হাজার ৩০৮ ভোট পান। এই আসনে এবার মোস্তফা জামাল হায়দারের প্রতিদ্বন্দ্বিতা হবে জামায়াতের প্রয়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদীর সঙ্গে। বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা বলছেন, মোস্তফা জামাল হায়দারের ভোট শুধু নাজিরপুরে আছে। সদর ও জিয়ানগরে তার কোনো ভোট নেই। বিএনপির নেতা-কর্মীরা সমর্থন না দিলে তার জয় পাওয়া কঠিন হবে।
 
এ বিষয়ে মোস্তফা জামাল হায়দার খবরের কাগজকে বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা আমার সঙ্গে যোগাযোগ রাখছেন। তাদের কার্যক্রমে আমি সন্তুষ্ট। বিএনপির নেতা-কর্মী ও সমর্থকরা সমর্থন করলে জয়ের ব্যাপারে আশাবাদী।’

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিএনপির সবুজ সংকেত পেয়েছেন। ২০১৮ সালের নির্বাচনে তিনি ধানের শীষের প্রার্থী ছিলেন। ওই নির্বাচনে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির শরিফুল ইসলাম জিন্নাহর (লাঙ্গল) ১ লাখ ৭৮ হাজার ৩৪২ ভোটের বিপরীতে মান্না পেয়েছিলেন ৬২ হাজার ৩৯৩ ভোট। আওয়ামী লীগ না থাকলে আগামী নির্বাচনে মান্নার প্রতিদ্বন্দ্বী হচ্ছেন জামায়াতের প্রার্থী মোহাম্মদ আলমগীর হোসেন। তবে এই আসনে উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি মির শাহ আলমও মনোনয়নপ্রত্যাশী। স্থানীয় নেতা-কর্মীরা বলছেন, মান্না ঢাকার রাজনীতিতে পরিচিত মুখ এবং গ্রহণযোগ্য হলেও এলাকায় ভোটে জেতার জন্য তাকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হতে পারে। তবে বিএনপির নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামলে তার জয়ের সম্ভাবনা রয়েছে।
 
নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না খবরের কাগজকে বলেন, ‘বিএনপির সবাই আমাকে পছন্দ করেন। এখন আমি আমার মতো করে প্রচার চালাচ্ছি। আশা করি, বিএনপির সবাই আমাকে সমর্থন দেবেন। জয়ের ব্যাপারে আমি আশাবাদী।’
 
গুলশান, বনানী, বারিধারা ও ঢাকা সেনানিবাসের একাংশ নিয়ে ঢাকা-১৭ আসন গঠিত। ২০১৮ সালের মতোই আসন্ন নির্বাচনে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে এই আসনে নির্বাচন করার জন্য ‘সবুজ সংকেত’ দিয়েছে বিএনপি। ২০১৮ সালের প্রশ্নবিদ্ধ নির্বাচনে আওয়ামী লীগের আকবর হোসেন পাঠানের (চিত্রনায়ক ফারুক) ১ লাখ ৬৬ হাজার ৬১০ ভোটের বিপরীতে অনিয়ম-কারচুপির অভিযোগে ভোট বর্জন করেও ৩৮ হাজার ৬৩৯ ভোট পান পার্থ। এর আগে তিনি ২০০৮ সালের নির্বাচনে ভোলা-১ থেকে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন। জাতীয় রাজনীতিতে পরিচিত মুখ পার্থর ঢাকা এবং ঢাকার বাইরে সমান জনপ্রিয়তা রয়েছে। এ জন্য এবার তিনি নিজের ও দলের জন্য ভোলা, ঢাকাসহ বেশ কয়েকটি আসনে মনোনয়ন চাইবেন বলে জানা গেছে।
 
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে কিছুটা ভালো অবস্থানে রয়েছেন তিনবারের সাবেক সংসদ সদস্য এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ। ইতোমধ্যে তাকে সবুজ সংকেত দিয়েছে বিএনপি। ২০০১ সালে ধানের শীষ প্রতীকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০১৮ সালেও বিএনপি জোটের প্রার্থী ছিলেন তিনি। ওই নির্বাচনে আওয়ামী লীগের আলী আশরাফ ১ লাখ ৮৪ হাজার ৯০১ ভোট এবং রেদোয়ান আহমেদ ১৫ হাজার ৭৪৭ ভোট পান। এবার তার প্রতিদ্বন্দ্বী উপজেলা জামায়াতের আমির মাওলানা মোশারফ হোসেন। স্থানীয় নেতা-কর্মীরা এ আসনে রেদোয়ান আহমেদকে শক্তিশালী প্রার্থী বলে মনে করছেন। তবে জয়লাভ করতে হলে তার পেছনে বিএনপির নেতা-কর্মীদের ঐকবদ্ধ হতে হবে।
 
লক্ষ্মীপুর-১ আসনে (রামগঞ্জ) ১২-দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিমকে সবুজ সংকেত দিয়েছে বিএনপি। ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষের প্রার্থী ছিলেন তিনি। প্রশ্নবিদ্ধ ওই নির্বাচনে আওয়ামী লীগের আনোয়ার হোসেন খানের ১ লাখ ৮৫ হাজার ৪৩৮ ভোটের বিপরীতে শাহাদাত হোসেন সেলিম ৩৮ হাজার ৮৯২ ভোট পেয়েছিলেন। এই আসনে বিএনপির সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার ছেলে মুশফিকুল হক জয় প্রচার চালানোর পাশাপাশি লবিং-তদবির করলেও সেলিমই বিএনপির সমর্থন পেয়েছেন। জামায়াতের প্রার্থী উপজেলা আমির মাওলানা নাজমুল হোসাইন এই আসনে সেলিমের প্রতিদ্বন্দ্বী।
 
কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদাকে সবুজ সংকেত দিয়েছে বিএনপি। শেখ হাসিনার পতনের পর থেকে বড় পরিসরে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন তিনি। স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের একটি অংশও তার সঙ্গে মাঠে কাজ করছেন। কিন্তু এই আসনে জেলা বিএনপির সহসভাপতি শেখ মুজিবুর রহমান ইকবালও প্রচার চালাচ্ছেন। ২০১৮ সালের নির্বাচনে অংশ নিয়ে মজিবুর রহমান ইকবাল ২৭ হাজার ৫৯৪ ভোট পেয়েছিলেন। ওই নির্বাচনে আওয়ামী লীগের আফজাল হোসেন ২ লাখ ২ হাজার ১৭৩ ভোট পেয়ে জয়লাভ করেন। এই আসনে হুদা ধানের শীষ প্রতীক পেলে তার পেছনে ঐকবদ্ধ হবে বিএনপি।

চট্টগ্রাম-১৪ আসনে (চন্দনাইশ ও সাতকানিয়া) এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের আসনটি তার ছেলে অধ্যাপক ওমর ফারুককে ছেড়ে দিয়েছে বিএনপি। অলি আহমদ বিএনপির ছয়বারের সাবেক সংসদ সদস্য। এবার তিনি নির্বাচন করবেন না বলে ঘোষণা দিয়ে অনড় রয়েছেন। ভোটের মাঠে বাবার জনপ্রিয়তা কাজে লাগাতে ইতোমধ্যে প্রচার চালাচ্ছেন ওমর ফারুক। এই আসনে জামায়াতের প্রার্থী চক্ষু বিশেষজ্ঞ ডা. শাহাদাত হোসেন।

স্থানীয় বিএনপি ও এলডিপির নেতা-কর্মীরা বলছেন, এই আসনে অলি আহমদের জনপ্রিয়তা আকাশচুম্বী। তার বিকল্প নেই। তিনি সব সময়ই জয়লাভ করে আসছেন। তারই উত্তরসূরি হিসেবে ওমর ফারুকের জয়লাভের সম্ভাবনা রয়েছে।
 
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে জোটের প্রার্থী হিসেবে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিকে সবুজ সংকেত দিয়েছে বিএনপি। এবারই তিনি প্রথম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যে স্থানীয় ‘সচেতন মহিলা সমাজ’-এর ব্যানারে জাতীয়তাবাদী মহিলা দলের নেতা-কর্মীরা কর্মসূচি দিয়ে সাকিকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছেন। এই আসনে বিএনপি থেকে মনোনয়ন চাইছেন সাবেক সংসদ সদস্য এম এ খালেক। ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে তিনি পরাজিত হন। সাকির প্রতিদ্বন্দ্বিতা হবে জামায়াতের প্রার্থী দেওয়ান মো. নকিবুল হুদার সঙ্গে। স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা বলছেন, ঢাকার রাজনীতিতে সাকি পরিচিত মুখ এবং গ্রহণযোগ্য নেতা হলেও ওই আসনে তার নিজস্ব ভোটব্যাংক নেই। এখানে বিএনপির নেতা-কর্মীদের মন জয় করে ঐক্যবদ্ধভাবে তাদের মাঠে নামানো সাকির জন্য বড় চ্যালেঞ্জ। তবে সম্প্রতি তিনি এলাকায় যাতায়াত বাড়িয়েছেন।

জোনায়েদ সাকি খবরের কাগজকে বলেন, ‘যুগপৎ আন্দোলনের মধ্য দিয়ে বিএনপির সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে। এখনো সেটা অব্যাহত আছে। নির্বাচনে অন্য প্রার্থীদের সঙ্গে প্রতিযোগিতা থাকবে এটাই স্বাভাবিক। সাধারণ ভোটারদের ভালোই সাড়া পাচ্ছি। বিএনপির সাধারণ নেতা-কর্মীরাও সমর্থন দিচ্ছেন।’

নড়াইল-২ (লোহাগড়া-সদর) আসনে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বিএনপির সবুজ সংকেত পেয়েছেন। ২০১৮ সালের নির্বাচনে তিনি ধানের শীষের প্রার্থী ছিলেন। প্রশ্নবিদ্ধ ওই নির্বাচনে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নৌকায় ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট এবং ফরহাদ ৭ হাজার ৮৮৩ ভোট পান। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু। এই আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামও মনোনয়নপ্রত্যাশী। এলাকায় গুঞ্জন আছে, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পরিস্থিতি এমন হলে ফরহাদের জয়লাভ করা কঠিন হতে পারে।

নড়াইল বিএনপির নেতা-কর্মীরা বলছেন, বিএনপির একটি অংশ ফরহাদের সঙ্গে, আরেকটি অংশ মনিরুলের পাশে আছে। ফরহাদকে জয় পেতে হলে বিএনপির দুই অংশকে একমঞ্চে আনতে হবে।

ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর-শেরেবাংলা) আসনে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজকে জোটের প্রার্থী হিসেবে সবুজ সংকেত দিয়েছে বিএনপি। উচ্চশিক্ষিত, তরুণ প্রজন্মের কাছে গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতি থাকায় ববি হাজ্জাজকে মনোনয়ন দেওয়ার চিন্তা করেছে বিএনপি। ইতোমধ্যে এলাকায় গণসংযোগও করছেন ববি। এই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী প্রার্থী হচ্ছেন চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম ও আতাউর রহমান ঢালী। অন্যদিকে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন দলটির প্রার্থী।

এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ খবরের কাগজকে বলেন, ‘আমি মাত্র যাত্রা শুরু করলাম। সবাই আমাকে সাপোর্ট দিচ্ছে। দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করছি। সবার সাপোর্ট পেলে আমি জয়ের ব্যাপারে আশাবাদী।’

জাতীয় রাজনীতির হিসাব-নিকাশের প্রেক্ষাপটে পটুয়াখালী-৩ আসনটি গণঅধিকার পরিষদের নুরুল হক নুরকে ছেড়ে দিতে চাইছে বিএনপি। কিন্তু এই আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন প্রচার চালাচ্ছেন। ইতোমধ্যে এলাকায় ভোটের উত্তেজনা ও আমেজ ছড়িয়ে পড়েছে। নুরকে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। তারা বলছেন, কোনো মিত্রকে আসনটি ছেড়ে দিলে আসনটি বিএনপির হাতছাড়া হয়ে যাবে। সবাইকে ঐক্যবদ্ধ করতে না পারলে নূরের জয়লাভ করা কঠিন।
 
ঝিনাইদহ-২ আসনে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে সবুজ সংকেত দিয়েছে বিএনপি। এই আসনে বিএনপির সম্ভাব্য তিন হেভিওয়েট প্রার্থী হলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি মশিউর রহমানের ছেলে ডা. ইব্রাহিম রহমান বাবু এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুল মজিদ বিশ্বাস (ছোট মজিদ)। এই তিনজনকে এক করে চলাই বর্তমানে রাশেদ খানের প্রধান চ্যালেঞ্জ। আলোচনা আছে, রাশেদ খানকে বিএনপি মনোনয়ন দিলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক এমপি নাসের শাহরিয়ার জাহিদী মহুল প্রার্থী হতে পারেন। তবে বিএনপির কেউ মনোনয়ন পেলে তার প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা নেই। বিএনপির মনোনীত প্রার্থীর সঙ্গে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে জেলা জামায়াতের আমির আলী আজম মো. আবু বক্করের।
 
গণতন্ত্র মঞ্চের শরিকদের মধ্যে জেএসডির সভাপতি আ স ম আবদুর রব শারীরিক অসুস্থতার জন্য এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন না। লক্ষ্মীপুর-৪ আসনে বিএনপির শক্তিশালী প্রার্থী এ বি এম আশরাফ উদ্দিন নিজানকে ইতোমধ্যে মনোনয়নের সবুজ সংকেত দেওয়া হয়েছে। তবে রবের স্ত্রী জেএসডির সহসভাপতি তানিয়া রবকে সংরক্ষিত নারী আসনে সংসদে নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। 

শরিকদের আরও যেসব নাম আলোচনায় 
শরিকদের সম্ভাব্য প্রার্থী হিসেবে আরও ১৮ জনের নাম বিএনপির বাছাই তালিকায় রয়েছে। তাদের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জরিপ দলের মাধ্যমে খোঁজখবর নিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
 
ঢাকা-৬ আসনে (ওয়ারী-গেন্ডারিয়া-সূত্রাপুর-বংশাল) বিএনপির কাছে আসন ছাড় চাইছেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী। ২০১৮ সালের নির্বাচনে দলের সমাজ কল্যাণবিষয়ক সহসম্পাদক কাজী আবুল বাশারকে ধানের শীষের মনোনয়ন দিয়েও জোটের স্বার্থে শেষ মুহূর্তে সুব্রত চৌধুরীকে ছেড়ে দিয়েছিল বিএনপি। ওই নির্বাচনে জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ ৯৩ হাজার ৫৫২ ভোট এবং সুব্রত চৌধুরী ধানের শীষ প্রতীকে ২৩ হাজার ৬৯০ ভোট পান। এবার এই আসনে জামায়াতের প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান। স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা বলছেন, পুরান ঢাকার জনগণ স্থানীয় কাউকে ধানের শীষের প্রার্থী দেখতে চায়। তবে জোট ও জাতীয় রাজনীতির হিসাব-নিকাশ থেকে সুব্রত চৌধুরী বিবেচনায় রয়েছেন।
 
মাগুরা-১ (সদর) আসনে গণফোরামের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান বিএনপির কাছে আসন ছাড় চাইছেন। তবে এই আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে গণসংযোগ করছেন জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ ও সদস্যসচিব মনোয়ার হোসেন খান। ২০১৮ সালের নির্বাচনে মনোয়ার খান বিএনপির প্রার্থী ছিলেন।
 
ঢাকা-৮ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বিএনপির কাছে আসন ছাড় চাইছেন। এই আসনে ধানের শীষের কান্ডারি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য মির্জা আব্বাস। আসনটি কোনোভাবেই অন্য কাউকে ছাড়া হবে না বলে বিএনপির একটি সূত্র খবরের কাগজকে নিশ্চিত করেছে। সে ক্ষেত্রে সাইফুল হককে অন্য কোনো আসনে ছাড় দেওয়া হতে পারে।

ফেনী-৩ আসনে বিএনপির কাছে আসন ছাড় চাইছেন জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। কিন্তু এই আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ইতোমধ্যে সবুজ সংকেত পেয়েছেন। স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা বলছেন, এখানে মিন্টু পরিবারের বিকল্প নেই। জানা গেছে, ২০১৮ সালের নির্বাচনে জেএসডির শহীদ উদ্দিন মাহমুদকে ঢাকা-১৮ আসন ছেড়ে দেওয়া হয়েছিল। তিনি ৭২ হাজার ১৫০ ভোট পেলেও আওয়ামী লীগের সাহারা খাতুন ৩ লাখ ৩ হাজার ৯২ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন।
 
২০১৮ সালের নির্বাচনে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানকে পিরোজপুর-২ আসন ছেড়ে দিয়েছিল বিএনপি। ওই নির্বাচনে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর ১ লাখ ৭৯ হাজার ৪২৫ ভোটের বিপরীতে ইরান পেয়েছিলেন ৬ হাজার ৩২৬ ভোট। এবার ইরান ঝালকাঠি-১ আসন থেকে বিএনপির কাছে ছাড়ের প্রত্যাশা করছেন। তবে এই আসনে নিউইয়র্ক মহানগর বিএনপির (দক্ষিণ) সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা ও বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের নাম বিএনপির প্রার্থী তালিকায় রয়েছে। বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা বলছেন, এই আসনে জোট কাউকে উড়িয়ে এনে প্রার্থী করলে দলীয় নেতা-কর্মীদের পক্ষে মেনে নেওয়া কঠিন হবে।

বিজেপির মহাসচিব আহসান হাবিব লিংকন মনোনয়ন চাইছেন কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে। ২০১৮ সালের নির্বাচনে বিএনপি তাকে এই আসনে ছাড় দিয়েছিল। ওই নির্বাচনে জাসদ সভাপতি হাসানুল হক ইনু নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ৮২ হাজার ৬২২ ভোট পেয়েছিলেন। এর বিপরীতে লিংকন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছিলেন ৩৫ হাজার ৭৫১ ভোট। তবে এই আসনে বিএনপির পক্ষে তিনবারের এমপি অধ্যক্ষ শহীদুল ইসলাম, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী এবং ঢাকা মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন প্রচার চালাচ্ছেন। দলের প্রার্থীদের বাইরে লিংকনকে মনোনয়ন দেওয়া হলে স্থানীয় বিএনপির সমর্থন পাওয়া তার জন্য কঠিন হবে।
 
রাজবাড়ী-২ আসনে জোটের মিত্র হিসেবে এনডিএম মহাসচিব মমিনুল আমিনের নাম তালিকায় আছে। এর আগে কখনো তিনি নির্বাচন করেননি। এই আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবু এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ হারুণ গণসংযোগ করছেন। বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা জানান, মমিনুল আমিন এলাকায় ৩১ দফা নিয়ে কর্মসূচি পালন করছেন। তৃণমূলের ভোটারদের দৃষ্টি কাড়ছেন তিনি। বিএনপির নেতা-কর্মীরা তাকে সমর্থন দিলে তার জয়ের সম্ভাবনা রয়েছে।

এসব আসনের বাইরে জামালপুর-৫ আসনে ভাসানী জনশক্তি পার্টির সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলু, কিশোরগঞ্জ-৫ আসনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম, চট্টগ্রাম-৫ আসনে এলডিপির প্রেসিডিয়াম সদস্য লে. জেনারেল (অব.) চৌধুরী সাহাবুদ্দিন, ময়মনসিংহ-৮ আসনে এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. আরঙ্গজীব বেলাল, মৌলভীবাজার-২ আসনে ১২-দলীয় জোটের সাবেক তিনবারের সংসদ সদস্য নবাব আলী আব্বাছ, বরগুনা-২ আসনে ১২-দলীয় জোটের লায়ন ফারুক রহমান, বগুড়া-১ আসনে জাগপা সভাপতি খন্দকার লুৎফুর রহমান, ঢাকা-৫ আসনে বিজেপির মহাসচিব আব্দুল মতিন সাউদ, চট্টগ্রাম-১ আসনে সমমনা জোটের এ টি এম গোলাম মাওলা, চাঁদপুর-৩ আসনে গণফোরামের সেলিম আকবর, পটুয়াখালী-৩ আসনে মোহাম্মদ উল্যাহ মধু, ঢাকা-৭ আসনে লেবার পার্টির অ্যাডভোকেট জহুরা খাতুন জুইয়ের নাম জোটের মিত্র হিসেবে বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকায় আছে। বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, এদের মধ্য থেকে যাদের জনপ্রিয়তা রয়েছে, তাদের কয়েকজনকে আসন ছাড় দেবে বিএনপি।

ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৬:০৩ পিএম
ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল
ছবি: সংগৃহীত

সারা দেশে রাজবন্দীদের মুক্তি এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন ‘নিষিদ্ধ’ ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা।

শুক্রবার (১২ জুন) জুমার নামাজের পর ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের বিদ্যুৎ অফিস-সংলগ্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

তবে আওয়ামী লীগের বিভিন্ন ফেসবুক পেজ ও স্থানীয় নেতা-কর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও আপলোড হওয়ার পর শনিবার বিষয়টি জানাজানি হয়। ভিডিওতে দলীয় পতাকা হাতে নেতা-কর্মীদের সরব উপস্থিতি দেখা যায়। এ সময় তাদের ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ হাসান তূর্ণের উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের নেতা-কর্মীরা অংশ নেন। মিছিলটি মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে।

ফয়সল/রিফাত/

বিদেশি ঋণনির্ভর ও লুটপাটের বাজেট জনগণের প্রত্যাশা পূরণ করবে না: গোলাম পরওয়ার

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৫:৪৮ পিএম
বিদেশি ঋণনির্ভর ও লুটপাটের বাজেট জনগণের প্রত্যাশা পূরণ করবে না: গোলাম পরওয়ার
ছবি: খবরের কাগজ

প্রস্তাবিত জাতীয় বাজেট একটি উচ্চ বিলাসী ও বিদেশি ঋণনির্ভর ও দলীয় কর্মীদের ভাগ্য পরিবর্তন আর লুটপাটের বাজেট, যা জনগণের আশা-আকাঙ্ক্ষার যথাযথ প্রতিফলন ঘটাতে সক্ষম হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (১৩ জুন) দুপুরে ভোলা জেলা জামায়াতের কার্যালয়ে উপজেলা কর্মপরিষদ সদস্যদের শিক্ষাশিবির শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জাতীয় বাজেট ঘোষণার পূর্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি বিকল্প ‘ছায়া বাজেট’ উপস্থাপন করেছিল। সেখানে রাষ্ট্রীয় আয়-ব্যয়ের ভারসাম্য, রাজস্ব আদায় বৃদ্ধি, কর কাঠামোর সংস্কার, দুর্নীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ সম্প্রসারণ, ব্যাংক ঋণের ওপর নির্ভরতা হ্রাস এবং দেশীয় উৎস থেকে অর্থায়নের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছিল। কিন্তু সরকার এসব প্রস্তাব বিবেচনায় না নিয়ে বিদেশি ঋণনির্ভর একটি উচ্চ ব্যয়ের বাজেট উপস্থাপন করেছে বলে তিনি দাবি করেন।’

তিনি আরও বলেন, ‘জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া এ বাজেট জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে না’। একই সঙ্গে তিনি আগামী ৩০ জুন বাজেটের চূড়ান্ত অনুমোদনের আগে প্রয়োজনীয় সংশোধনের আহ্বান জানান।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বড় আকারের বাজেট ঘাটতি মোকাবিলায় সরকারের জন্য প্রয়োজনীয় রাজস্ব আহরণ একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। 

তার মতে, জামায়াতের প্রস্তাবিত ছায়া বাজেট অধিক জনবান্ধব ও উন্নয়নমুখী ছিল। বর্তমান প্রস্তাবিত বাজেট দেশের অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদে ঝুঁকি সৃষ্টি করতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

ইসলামী ব্যাংক প্রসঙ্গে মিয়া গোলাম পরোয়ার বলেন, ‘শুধু ইসলামী ব্যাংক নয়, দেশের অন্যান্য ব্যাংকেও বিভিন্ন ধরনের অনিয়ম ও অস্থিরতা বিদ্যমান। ইসলামী ব্যাংক কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতিষ্ঠান নয়। ইসলামী ব্যাংক জামায়াতে ইসলামীর ব্যাংক নয়।  এটি দেশের সাধারণ মানুষের ব্যাংক। বাংলাদেশের মানুষের ব্যাংক। বিএনপি মনে করেছে আওয়ামী লীগ যে ভাবে ব্যাংকটি লুটেপুটে খেয়েছে, তারাও সেভাবে লুটে পুটে খাবে। এটা কখনো বাংলাদেশের মানুষ হতে দিবে না। এই ব্যাংকের অবস্থা অবনতি হলে বাংলাদেশের অর্থনীতি মাটির সাথে মিশে যাবে।’

তিনি আরও বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে যারাই ক্ষমতা গ্রহণ করবে তারাই শেখ হাসিনা হয়ে জন্ম হবে। এখনো সময় আছে জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।  জুলাই সনদ বাস্তবায়ন না করা হলে জাতির সাথে প্রতারণা করা হবে। অতীতেও কোন প্রতারণা এই বাংলাদেশের মানুষ মেনে নেয় নাই এখনো মেনে নিবে না। মেনে না নিলে পরিণতি ভয়াবহ হতে পারে।’

ভোলা জেলার বিষয়ে তিনি বলেন, ‘ভোলা জেলা নিয়ে মাননীয় স্পিকার যে ভূমিকা রাখছেন তা অবশ্য প্রশংসনীয়। তবে ভোলা সদর আসনের সংসদ সদস্য বিএনপির শেখানো বুলি আওড়াচ্ছেন। ভোলার মানুষকে নিয়ে ভাবছেন না। তিনি জামায়াতে ইসলামীর  বিরুদ্ধে খুব ভালো বলতে পারেন। এই বিচ্ছিন্ন দ্বীপ ভোলায় নিজস্ব গ্যাস দিয়ে ইন্ডাস্ট্রি তৈরি, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, ভোলা-বরিশাল সেতু, নদী ভাঙন রোধ প্রয়োজন। এ বিষয়ে স্থানীয় সংসদ কোনো কথা বলছেন না। আমি ভোলার মানুষের এই ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।’

ভোলা জেলা আমির মাস্টার জাকির হোসাইনের সভাপতিত্বে জেলা সেক্রেটারি মাওলানা মাওলানা হারুনুর রশিদের সঞ্চালনায়, সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মোয়াযযেম হোসাইন হেলাল, কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য ও অঞ্চল টিম সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাজি।

সম্মেলনে জেলা নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম, প্রচার ও মিডিয়া পরিচালক অধ্যাপক আমির হোসেন, জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আব্বাস উদ্দিন, সুরা সদস্য উৎপাধ্যক্ষ এ এইচ এম ওয়ালীউল্লাহ-সহ জেলার নেতারা উপস্থিত ছিলেন।

ইমতিয়াজুর রহমান/অমিয়/

রাজবাড়ীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৫:০০ পিএম
রাজবাড়ীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল
ছবি: সংগৃহীত

রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন  আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

শনিবার (১৩ জুন) ভোরে রাজবাড়ী শহরতলীর শ্রীপুর বাস টার্মিনালসংলগ্ন মহাসড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়।

জানা গেছে, ভোর ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে বাস টার্মিনালের সামনে মহাসড়কে কয়েকজন কর্মী ঝটিকা মিছিল বের করেন। স্বল্প সময়ের জন্য মিছিলটি সড়কে অবস্থান করে। মিছিলে অংশগ্রহণকারীদের অনেকের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা দেখা যায়। ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবির পাশাপাশি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সোহেল রানা টিপুর ছবিও ছিল।

এ-সংক্রান্ত প্রায় এক মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। তবে পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত বিষয়টি নিশ্চিত করা হয়নি।

এ ব্যাপারে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিলের প্রায় এক মিনিটের একটি ভিডিও দেখা গেছে। তবে ভিডিওটি আসলেই রাজবাড়ী শহরতলীর শ্রীপুর এলাকার কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

সুমন/রিফাত/

সরকারের জনকল্যাণ-প্রযুক্তিনির্ভর বাজেটকে স্বাগত জার্মানি বিএনপির

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১১:২২ এএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ১১:২২ এএম
সরকারের জনকল্যাণ-প্রযুক্তিনির্ভর বাজেটকে স্বাগত জার্মানি বিএনপির
ছবি: খবরের কাগজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেটকে জনকল্যাণ, প্রযুক্তিনির্ভর, আত্মনির্ভর ও মানবিক বাংলাদেশের রূপরেখা আখ্যায়িত করে স্বাগত জানিয়েছে বিএনপির জার্মানি শাখা। জার্মানির বিএনপি নেতারা বলেছেন, সরকার প্রধান হিসেবে প্রস্তাবিত এই বাজেট প্রমাণ করেছে, তারেক রহমান বাংলাদেশ ও প্রবাসীদের অকৃত্রিম দেশবন্ধু।

শুক্রবার (১২ জুন) জার্মানির মানহাইমে সরকারের প্রথম বাজেটকে স্বাগত জানিয়ে বিএনপির জার্মানি শাখার সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য দেওয়ান শফিকুল ইসলাম এসব কথা বলেন।

দেওয়ান শফিকুল ইসলাম বলেন, দেশবন্ধু তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত নতুন বাজেট কেবল একটি আর্থিক পরিকল্পনা নয়; এটি একটি আধুনিক, উন্নত, আত্মনির্ভরশীল এবং প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনের সুস্পষ্ট রূপরেখা। এই বাজেটে তরুণদের চাকরিপ্রার্থী হিসেবে নয়, বরং কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে প্রতিষ্ঠিত করার সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে।

তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ, স্টার্টআপ সহায়তা, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে প্রণোদনা, বিনিয়োগ সহায়তা এবং ব্যবসা সম্প্রসারণের সুযোগ সৃষ্টি করা হয়েছে। এর ফলে দেশের মেধাবী ও উদ্ভাবনী তরুণরা নতুন নতুন শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

বিএনপি চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির এই সদস্য আরও বলেন, ভবিষ্যতের বাংলাদেশকে একটি প্রযুক্তিনির্ভর, জ্ঞানভিত্তিক এবং উদ্ভাবনসমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্য এই বাজেটে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। বিশেষভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), তথ্যপ্রযুক্তি, ডিজিটাল অবকাঠামো, গবেষণা এবং প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপকে তিনি অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, জাতীয় উন্নয়নের এই যাত্রায় দেশের প্রতিটি নাগরিককে অংশীদার হতে হবে। ঐক্য, উদ্ভাবন, সুশাসন এবং পরিশ্রমের মাধ্যমে আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে পারব, যা হবে জনকল্যাণমূলক, প্রযুক্তিগতভাবে অগ্রসর, অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে মর্যাদাশীল।

অন্তরা/

প্রধানমন্ত্রীকে বরণ করতে কক্সবাজার বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১০:২১ এএম
প্রধানমন্ত্রীকে বরণ করতে কক্সবাজার বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল
নেতাকর্মীদের ঢল। ছবি: খবরের কাগজ

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করতে কক্সবাজার বিমানবন্দরে নেতাকর্মীদের ব্যাপক ভিড়।

শনিবার (১৩ জুন) সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা বিমানবন্দর এলাকায় এসে জড়ো হন। বৈরী আবহাওয়া ও বৃষ্টিকে উপেক্ষা করেই তারা প্রিয় নেতাকে একনজর দেখার অপেক্ষায় অবস্থান নেন। 

বিমানবন্দর সড়ক, আশপাশের এলাকা এবং প্রবেশপথজুড়ে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। হাতে জাতীয় পতাকা ও দলীয় পতাকা নিয়ে নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার সফর ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মী বিমানবন্দরে উপস্থিত হয়েছেন। এটি কক্সবাজারবাসীর ভালোবাসা ও প্রত্যাশার বহিঃপ্রকাশ। আমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে জেলার উন্নয়নে নতুন মাত্রা যোগ হবে।’

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না বলেন, ‘কক্সবাজারের মানুষ দীর্ঘদিন ধরে এই সফরের অপেক্ষায় ছিলেন। বৈরী আবহাওয়ার মধ্যেও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা কতটা গভীর। তার সফরে জেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন হবে, যা কক্সবাজারের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।’

দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সফরের অন্যতম আকর্ষণ পিএমখালীর ঐতিহাসিক পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন। ১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের হাতে শুরু হওয়া এই খালের পুনঃখনন সম্পন্ন হলে এলাকার অন্তত দুই লাখ মানুষ উপকৃত হবেন বলে স্থানীয়দের প্রত্যাশা।

এছাড়া ডুলাহাজারা সাফারি পার্কে দেশের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন, পেকুয়ায় জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত, নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলা-থানার উদ্বোধন, চকরিয়ায় বিশাল রাজনৈতিক জনসভা এবং কক্সবাজারের সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কক্সবাজারে উৎসবের আমেজ বিরাজ করছে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সফরকে সফল ও নিরাপদ করতে প্রয়োজনীয় নেওয়া হয়েছে বলে জানা গেছে। 

তারেকুর রহমান/অন্তরা