ঘরে-বাইরে মাথায় সার্বক্ষণিক কাউবয় ক্যাপ। এই ‘লুকে’ দেশে ও বিদেশে পরিচিত। ভোটের মাঠে নেমে সেই লুক বদল করেন। কাউবয় ক্যাপের বদলে টুপি পরেন। এবার দুই দিনে দুটো লুকে দেখা গেছে বিএনপি নেতা এম এ মালিককে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) এম এ মালিকের নির্বাচন পরিচালনা দপ্তর থেকে পাঠানো পৃথক দুটো সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে দুই রূপে দেখা গেছে। সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনে বিএনপি দলীয় মনোনয়ন পাওয়ার পর ধানের শীষের প্রথম শোডাউন করেছিলেন কাউবয় ক্যাপ খুলে টুপি পরে। এরপর গত দু’দিন দুটো অনুষ্ঠানে তিনি দুই রূপে হাজির হন। প্রথম প্রোগ্রামে ছিলেন তার চিরচেনা কাউবয় ক্যাপ পরে। অপরটিতে টুপি পরে।
যুক্তরাজ্যে বিএনপি রাজনীতিতে সক্রিয় এম এ মালিক বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পদে আছেন। পাশাপাশি তিনি যুক্তরাজ্য বিএনপির সভাপতির দায়িত্বও পালন করছেন। যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করলেও বাংলাদেশে তার নিজবাড়ি সিলেটের দক্ষিণ সুরমায় হওয়ায় সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হয়েছেন।
তবে এ আসনটিতে ২০১৮ সাল থেকে মাঠে থাকা বিএনপির মনোনয়নপ্রত্যাশী ব্যরিস্টার এম এ সালামকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবি উঠেছে। ব্যরিস্টার সালাম বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা। তিনিও মাঠে তৎপর রয়েছেন।
দোয়া মাহফিলে টুপি
বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দক্ষিণ সুরমায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে তেতলী ইউনিয়নের শাহ আনোয়ার মাদরাসাতুল মদীনায় সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ মালিকের উদ্যোগে দোয়া মাহফিল হয়। এতে দলীয় নেতাকর্মী, সামাজিক নেতৃবৃন্দ ও মাদরাসার এতিম শিক্ষার্থীরা অংশ নেন। সেখানে টুপি পরে এম এ মালিকের উপস্থিতি দেখা যায়।
এর আগে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য খতমে কুরআন অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের আগে উপস্থিত লোকজনের উদ্দেশ্যে এম এ মালিক বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার ও বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংগ্রাম করে যাচ্ছেন। বিগত কয়েক বছর ধরে তিনি নানা জটিল রোগে আক্রান্ত। নানা প্রতিকূলতা ও চিকিৎসাগত প্রতিবন্ধকতার মধ্যেও তিনি অসীম ধৈর্যের সঙ্গে লড়াই করে যাচ্ছেন। আজ আমাদের মা খালেদা জিয়া অসুস্থ। আল্লাহ তায়ালা শিফা দানকারী। তিনি চাইলে সবচেয়ে কঠিন রোগও সহজে দূর করে দিতে পারেন । এম এ মালেক সকলকে আন্তরিকতার সঙ্গে উনার সুস্থতার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করার আহবান জানান।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, তেতলী ইউনিয়ন বিএনপির সভাপতি আজমল আলী, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, দাউদপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান আতা, তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান অলি, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মকসুদুল করিম নুহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ জাকির হোসেন, যুবদল নেতা শিপলু ইসলাম উপস্থিত ছিলেন।
মতবিনিময়ে কাউবয় ক্যাপ
কাউবয় ক্যাপ পরে উপস্থিত ছিলেন গত সোমবার (২৪ নভেম্বর) সকালে দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের রুস্তমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী, বিদ্যালয় পরিচালনা কমিটি এবং এলাকার জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভায়।
সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে এম এ মালিক মতবিনিময় সভায় বলেন, ‘জনগণ আমাকে যে প্রত্যাশার চোখে দেখছেন, আমি সেই প্রত্যাশা পূরণে সর্বোচ্চ দায়িত্ব পালন করব। নির্বাচিত হলে দক্ষিণ সুরমার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক শিক্ষার সুযোগ সৃষ্টি করা হবে। রুস্তমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়সহ সব বিদ্যালয়ে নতুন ভবন, ল্যাব, লাইব্রেরি এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে।
মতবিনিময় সভায় বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষা উন্নয়ন, অবকাঠামো সংস্কার, আধুনিক শিক্ষাব্যবস্থা প্রবর্তন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য প্রয়োজনীয় নানা দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরেন। শিক্ষার্থীরাও বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন, লাইব্রেরি সম্প্রসারণ, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম বৃদ্ধির বিষয় নিয়ে তাদের মতামত ব্যক্ত করে। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা শিক্ষার্থী-শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য স্থানীয় চাহিদা তুলে ধরেন এবং এম এ মালিক তাদের দাবিগুলো বিবেচনায় নেওয়ার আশ্বাস দেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ আসরাফ উজ্জামানের সভাপতিত্বে ও ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম আহমদ এবং জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক সোহানুর রহমান সামাদের পরিচালনায় মতবিনিময় সভায় দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুরন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।
মাহফুজ/