ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় তিন ঘণ্টায় এক হাজার হাফেজ ১০০ বার পবিত্র কোরআন খতম করে দোয়া করেছেন।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণের নির্দেশনায় উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে স্থানীয় গাভীশিমুল গ্রামের ত্রয়ী রাইস মিল চত্বরে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
স্থানীয় ও দলীয় নেতা-কর্মীরা বলছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম থালেদা জিয়ার সুস্থতার জন্য সারা দেশে প্রতিদিন দলীয় নেতা-কর্মীসহ সবাই দোয়া মাহফিলের আয়োজন করছেন। কিন্তু এত স্বল্প সময়ে এক হাজার হাফেজ একত্রিত হয়ে ১০০ বার কোরআন খতম করে দোয়া করেছেন এটা সত্যিই বিরল।
জানা গেছে, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মঙ্গলবার সকালে উপজেলার প্রায় অর্ধশতাধিক মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী মিলিয়ে এক হাজার হাফেজ ত্রয়ী রাইস মিল চত্বরে উপস্থিত হন। সকাল ১০টায় তারা একযোগে পবিত্র কোরআন তিলাওয়াত শুরু করেন। দুপুর ১টার মধ্যে ১০০ বার পবিত্র কোরআন খতম সম্পন্ন হয়।
পবিত্র কোরআন খতম শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে হাফেজ, ওলামায়ে কেরামদের সঙ্গে দলীয় নেতা-কর্মীরা অংশ নেন। দোয়া মাহফিল পরিচালনা করেন স্থানীয় গোবিন্দপুর জামে মসজিদের খতিব মওলানা আবুল কাশেম রিয়াজী।
উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ বলেন, ‘বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তিনি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। দেশনেত্রীর সুস্থতা কামনায় আজকে এক হাজার হাফেজ ১০০ বার পবিত্র কোরআন খতম করে দোয়া করেছেন। প্রিয় নেত্রী সুস্থ হয়ে আবার দেশকে নেতৃত্বে দেবেন এটাই নেতা-কর্মীসহ আমাদের সবার চাওয়া।’
উপজেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মওলানা আতাউল্লাহ শাহীন বলেন, ‘পবিত্র কোরআন শরিফের প্রতিটি হরফের জন্য ১০টি করে নেকি পাওয়া যায়। এখানে এক হাজার হাফেজ ১০০ বার কোরআনর খতম করেছেন। এখানে যে সওয়াবটুকু হবে, সেই সওয়াবের বিনিময়ে বেগম খালেদা জিয়াকে যেন আল্লাহপাক সুস্থ করে দেন। এটাই আমাদের সবার প্রার্থনা।’
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ শামছুউদ্দিন তালুকদার, মো. ইদ্রিছ আলী, সদস্য আব্দুল মান্নান তালুকদার, মাহমুদুল ওয়াহাব মনির, খলিলুর রহমান খান পাঠান, গৌরীপুর পৌর বিএনপির সদস্য আজিজুল হক, নজরুল ইসলাম, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি মো. হুমায়ুন কবীর, সদস্য মোস্তাফিজুর রহমান হানিফ, ময়মনসিংহ উত্তর জেলা মৎস্যজীবী দলের সহসভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. শহীদুল্লাহ, রামগোপালপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান ও ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান আকন্দ সুমনসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
মিন্টু/নাঈম/