জামালপুরের বকশীগঞ্জে বহিষ্কৃত উপজেলা বিএনপির সভাপতি ও চার বারের সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করে তিনি দলে যোগদান করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী আন্দোলন বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মওলানা আবদুল মজিদ।
তিনি জানান, বিএনপির সাবেক নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার চরমোনাই পীরের কাছে গিয়েছেন এবং ফরম পূরণ করেছেন। এ সময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন ফরিদ, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া মনু গাজীসহ শতাধিক সাবেক বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত ২০১৬ সালে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। এরপর থেকে তিনি কোনো দলে যোগদান না করে স্বতন্ত্র হিসেবে রাজনীতি ও নির্বাচন করেছেন। বিএনপির সাবেক এই নেতা ও তার কর্মী-সমর্থকরা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক আইজিপি আবদুল কাইয়ুমকে জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু এই আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতকে দল থেকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়।
এরপর গত ১৯ নভেম্বর আব্দুর রউফ তালুকদার নিজেকে জামালপুর-১ আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এই ঘোষণার পর তার কর্মী-সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচার-প্রচরণা শুরু করেন। এরমধ্যেই হঠাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। তার নতুন করে রাজনৈতিক দলে যোগদানের বিষয়টি জানাজানি হলে নতুন মাত্রা যোগ হয়েছে বকশীগঞ্জের রাজনীতিতে।
উল্লেখ্য, পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে আব্দুর রউফ তালুকদারের বেশ জনপ্রিয়তা রয়েছে বকশীগঞ্জ উপজেলায়। বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ এই দুই উপজেলা নিয়ে গঠিত জামালপুর-১ আসনে এম রশিদুজ্জামান মিল্লাত একক প্রার্থী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আব্দুর রউফ তালুকদার ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে প্রার্থী হলে নির্বাচনের মাঠে চাপে পড়তে পারেন এম রশিদুজ্জামান মিল্লাত।
এছাড়াও এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমির অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী। তিনি তার কর্মী-সমর্থক ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রতিনিয়ত বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে-গঞ্জে, মাঠে-ঘাটে চষে বেড়াচ্ছেন। এই আসনে ধানের শীষের সঙ্গে দাড়িপাল্লা মুখোমুখি হবে, কিন্ত রউফ তালুকদার নির্বাচন করলে লড়াই হবে ত্রিমুখী।
আসিফ/মাহফুজ