বিএনপির নেতা-কর্মীরা জ্বলে-পুড়ে খাটি সোনায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম বিভাগীয় ব্যবসায়ী ফোরামের উদ্যোগে ব্যাবসা বাণিজ্য অর্থনীতি ও বিনিয়োগ নিয়ে আয়োজিত 'বাণিজ্য সংলাপ' অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, 'তারেক রহমান নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ রেখে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং স্বৈরাচারের পতন ঘটিয়েছেন। এটা হচ্ছে বড় সফলতা। একজন নেতা বিদেশে থেকে এতবড় ভূমিকা পালন করতে পারেন এটা অবিশ্বাস্য ব্যাপার। সবচেয়ে বড় কাজ বিএনপিকে শুধু ঐক্যবদ্ধ রাখেননি। বিএনপিকে একটি শক্তিশালী দলে পরিণত করেছেন। বিএনপির নেতা-কর্মীরা জলে পুড়ে খাটি সোনায় পরিণত হয়েছে।'
তিনি আরও বলেন, 'তারেক রহমানের অনুপস্থিতিতে কেবল দলের নয় দেশের অনেক বড় ক্ষতি হয়েছে। আমাদের নেতা-কর্মীরা চাকরি হারিয়েছে, ব্যাবসা হারিয়েছে, অনেকে পঙ্গু হয়েছে। আগামী দিনের যে রাজনীতি সেখানে বাংলাদেশের মানুষের যাতে রাজনীতি হয় সেটা আমাদের দেখতে হবে।'
নির্বাচন পিছিয়ে যাবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'নির্বাচন পেছাবে না। কেউ নিজের স্বার্থে পেছাতে চাইলে বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবে না। তবে একটা গোষ্ঠী যারা নির্বাচন চায় না তাদের সম্পর্কে তো জনগণের এই সন্দেহ আছে। নির্বাচন না হলে দেশের মানুষ দেশের মালিকানা ফিরে না পেলে, নির্বাচিত সংসদ না থাকলে যারা লাভবান হবে মনে করছে তাদের সম্পর্কে জনগণের সন্দেহ রয়ে গেছে।'
চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত বাণিজ্য সংলাপে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এস এম ফজলুল হক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ব্যবসায়ী নেতা সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম। সংলাপে অংশ নেন চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শওকত আলী, এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ সালাম, পিএইচপি গ্রুপের পরিচালক জহিরুল ইসলাম চৌধুরী, বিজিএমইএর সিনিয়র সহসভাপতি সেলিম রহমান, প্যাসিফিক জিন্সের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ তানভীর, আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব কপিল উদ্দিন, বিজিএপিএমইএর সভাপতি মো. শহীদ উল্লাহ, শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালক আমীরুল হক, খাতুনগন্জ ব্যবসায়ী সমিতির সভাপতি মীর আবদুস সালাম, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মান্নান, সেন্ট্রাল প্লাজা ব্যবসায়ী সমিতির
সভাপতি তহিনুর আলম টিটু, মাদার স্টিল লিমিটেডের চেয়ারম্যান মাস্টার আবুল কাশেম, বিএনও লুব্রুিকেন্টের পরিচালক সালাউদ্দিন ইউছুপ,
সিএনজি ফিলিং স্টেশন সমিতির যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর আলম, জুনিয়র চেম্বারের সভাপতি জোনায়েদ আহমেদ রাহাত, ফার্নিচার প্রস্তুতকারক
সমিতির সভাপতি মাকসুদুর রহমান, রাঙ্গামাটি চেম্বারের সভাপতি এড. মামুনুর রশীদ, চাঁদপুর চেম্বারের পরিচালক মানিকুর রহমান, বান্দরবান চেম্বারের সদস্য জসিম উদ্দিন প্রমুখ।
মেহেদী/