জামালপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও মাদারগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হেলালুর রহমান হেলালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে জামালপুর পৌর শহরের মৃধাপাড়া এলাকা থেকে তাকে আটক করে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
মঙ্গলবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময় বিগত ২০২৪ সালে মাদারগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন ইঞ্জিনিয়ার হেলালুর রহমান হেলাল। গণ-অভ্যূত্থানের পর বর্তমান অন্তর্বর্তী সরকার ওই বছরের ১৯ আগস্ট তাকে অপসারণ করে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে ইঞ্জিনিয়ার হেলালুর রহমান হেলাল নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা করেন এবং মঙ্গলবার জেলা নির্বাচন অফিস থেকে তিনি মনোনয়নপত্র ক্রয় করেন। তার প্রার্থী হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার পায়।
ইঞ্জিনিয়ার হেলালুর রহমান হেলাল জামালপুর পৌর শহরের মৃধাপাড়া এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ-১ এর একটি দল তাকে গ্রেপ্তার করে।
রাতে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ-১ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম জানান, চলমান ‘ডেভিল হান্ট-২’ অভিযান চালিয়ে জামালপুর পৌর শহরের মৃধাপাড়া এলাকা থেকে মাদারগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইঞ্জিনিয়ার হেলালুর রহমান হেলালকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বিস্ফোরক মামলায় তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকের আহমেদ জানান, আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ইঞ্জিনিয়ার হেলালের ছবি রয়েছে। তবে তিনি উপদেষ্টা কিনা জানা নেই।
তবে, নাম প্রকাশে অনিচ্ছুক মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, ইঞ্জিনিয়ার হেলাল আওয়ামী লীগের কোনো নেতা বা কর্মী নন।
আসাদ/রিফাত/