বরিশালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা কার্যালয় ভাঙচুর করে মালামাল লুট করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৮টার দিকে নগরীর ফকিরবাড়ি রোডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটির সভাপতি এস এম নজরুল হক নিলু বলেন, ভবনমালিকের ছেলে মো. তামীম ইসলাম অজ্ঞাত কয়েকজনকে সঙ্গে নিয়ে সকালে কোনো ধরনের নোটিশ ছাড়াই পার্টি কার্যালয়ের দোতলার অংশ ভাঙচুর করেন। এ সময় নিচতলার চেয়ার, টেবিল, ফ্যানসহ বিভিন্ন আসবাব ভাঙচুর করা হয় এবং একটি স্ট্যান্ড ফ্যান ও একটি সিলিং ফ্যানসহ বেশ কিছু মালামাল নিয়ে যায়। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, ফকিরবাড়ি রোডের (রাখাল বাবুর পুকুরপাড়ের গলির দক্ষিণ মুখে) ভাড়া নেওয়া ওই কার্যালয়ে দলটি প্রায় ৪০ বছর ধরে নিয়মিতভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবনটি বরিশাল মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল হক নিজামের এবং নিয়মিতভাবে এর ভাড়া পরিশোধ করা হতো।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর আত্মগোপনে যান নিজামুল হক নিজাম। এরপর ভাড়া বিকাশ ও নগদের মাধ্যমে ভিন্ন ভিন্ন নম্বরে পরিশোধ করা হলেও কোনো লিখিত রসিদ দেওয়া হতো না বলে গত ডিসেম্বর মাসের ভাড়া পরিশোধ করা হয়নি। এ সুযোগে ভবনমালিকের ছেলে লোকজন নিয়ে কার্যালয় ভাঙচুর করেন বলে অভিযোগ করা হয়েছে।
বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য এবং মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ফিরোজ বলেন, ‘ওয়ার্কার্স পার্টির এই কার্যালয় শুধু একটি অফিস নয়, এটি আন্দোলন-সংগ্রামের সাক্ষ্য বহন করছে। এ ধরনের হামলা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী।’
বরিশাল শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. জাকির হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে একটি রাজনৈতিক দলের অফিসে কোনো নোটিশ ছাড়াই এভাবে ভাঙচুর করা সম্পূর্ণ বেআইনি ও নিন্দনীয়। আমরা এর সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করছি।’
এ বিষয়ে জানতে ভবনমালিক নিজামুল হক নিজাম ও তার ছেলে মো. তামীম ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন-উল ইসলাম বলেন, ‘ওয়ার্কার্স পার্টির জেলা কার্যালয় ভাঙচুর এবং মালামাল লুটের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’