বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী দিনের গণতন্ত্রের টর্চবেয়ারার (মশালবাহক) বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত বেগম খালেদা জিয়ার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, ‘গণতন্ত্রের যে মশাল শহিদ জিয়া হাতে নিয়েছিলেন, সেই মশাল বেগম খালেদা জিয়া দীর্ঘসময় ধরে বহন করেছিলেন। এখন সেই মশাল তারেক রহমানের হাতে তুলে দিয়েছেন। এখন গণতন্ত্রের টর্চবেয়ারার (মশালবাহক) হচ্ছেন তারেক রহমান। আমাদের আগামী দিনের গণতন্ত্রের টর্চবেয়ারার হচ্ছেন তারেক রহমান। আমাদের যেটা করতে হবে, সেটা হলো- আমাদের মানদণ্ড উঁচু রাখতে হবে। জাতিকে শৃঙ্খলিত করতে হবে।’
বেগম খালেদা জিয়া কখনো আপস করেননি মন্তব্য করে তিনি বলেন, ‘তিনি আপসহীন ছিলেন। কিন্তু যারা পালিয়ে গেছে, তারাও আপস করেছে। যারা আজকে আমাদের সঙ্গে নির্বাচন করছে, তাদের মন্তব্যও ১/১১-এর পক্ষে ছিল। তারা ১/১১-এর সময় সহায়ক ভূমিকা পালন করেছে। একমাত্র বেগম খালেদা জিয়া কোনো ধরনের কম্প্রোমাইজ করেনি। এরপর স্বৈরাচারের শুরু থেকে পতন পর্যন্ত জীবনের বিনিময়েও কোনো ধরনের আপস করেননি।’
বেগম খালেদা জিয়াকে ভালোবেসে কোটি কোটি মানুষ তার জানাজায় গেছেন উল্লেখ করে আমীর খসরু বলেন, ‘এটা এক দিনে তৈরি হয়নি। হৃদয়ের টানে মানুষ জানাজায় অংশ নিয়েছে এবং আমরা সেটির প্রতিফলন দেখেছি। বিশ্বে এত বড় জানাজা হয়েছে, সেটা আমার অন্তত জানা নেই। দেশের মানুষের জন্য বেগম জিয়ার মনে জায়গা ছিল। সেটা আমাদের ধরে রাখতে হবে।’
জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. মো. আবদুল লতিফের সভাপতিত্বে শোক সভা ও দোয়া মাহফিলে এ সময় বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
শফিকুল/এসজি/