জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই রাজনৈতিক সহাবস্থানের জায়গায় অসহিষ্ণুতা দেখতে পাচ্ছি।’
বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর মেরুল বাড্ডায় নিজের আসনে নির্বাচনি প্রচারের সময় গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় দলের মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনে দলীয় প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনায় রাজনৈতিক সহাবস্থানের জায়গা কিছুটা কমে এসেছে বলে মন্তব্য করেন নাহিদ।
এর আগে, গতকাল মঙ্গলবার রাজধানীর শান্তিনগরে হাবীবুল্লাহ বাহার কলেজে পিঠা উৎসবে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।
এ প্রসঙ্গ তুলে নাহিদ বলেন, ‘আমরা আগের আমলের সংস্কৃতিতে ফিরে যেতে চাই না। আমরা কেউই এখানে শত্রু না। ফলে এখানে এলে এই সহিষ্ণুতা থাকা উচিত, এটিই গণতন্ত্র। সবাই যার যার মতপ্রকাশ করবে, জনগণ সিদ্ধান্ত নেবে ১২ ফেব্রুয়ারি। সেই সহিষ্ণুতাটুকু থাকা উচিত, কিন্তু যেটি দেখেছি এবং এভাবে চলতে থাকলে নিরপেক্ষতা বা লেভেল প্লেয়িং গ্রাউন্ড থাকবে না।’
তিনি বলেন, ‘বিভিন্ন জায়গায় কর্মী-সমর্থকদের ভয়ভীতি দেখানো হচ্ছে, আতঙ্ক তৈরি করা হচ্ছে। আমাদের অফিসের পাশে কয়েক দিন আগে গুলি চালানো হয়েছে, একটা আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে। প্রত্যক্ষ বাধা আসেনি, কিন্তু পরোক্ষ বাধা আসছে।’
প্রত্যক্ষ বাধা এলে প্রতিহত করা হবে উল্লেখ করে নাহিদ বলেন, ‘আমাদের ওপর যদি এভাবে আক্রমণ চলে এবং যদি প্রশাসন নীরব থাকে, তাহলে কিন্তু এখানে পাল্টা জবাব দেওয়া হবে। আমরা সে ধরনের পরিস্থিতি চাই না।’
বিএনপির দিকে ইঙ্গিত দিয়ে নির্বাচন কমিশন ও গণমাধ্যম একটি দলের প্রতি পক্ষপাতিত্ব করছে বলেও তিনি অভিযোগ করেছেন। নাহিদ বলেন, ‘মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় একটা একপাক্ষিকতা চলছে। আমরা নির্বাচন কমিশনের ভেতরে একপক্ষীয় অবস্থা দেখতে পাচ্ছি এবং এখন তো সারা দেশে আমাদের ফিজিক্যালি আক্রমণ করা হচ্ছে! আমাদের বোনদের নির্বাচনি কার্যক্রমে বাধা দেওয়া হচ্ছে, আক্রমণ এবং হেনস্তা করা হচ্ছে।’
এনসিপির আহ্বায়ক বলেন, ‘কেউ যদি মনে করে এবারের নির্বাচনে দখল করে, গায়ের জোরে, জিতে আসবে, এটার কিন্তু কোনো সুযোগ থাকবে না। কারণ ৫ আগস্টের পর, অভ্যুত্থানের পর মানুষ অনেক বেশি সচেতন এবং তরুণরা একটা সুষ্ঠু নির্বাচন দেখতে চান, দেশের রাজনীতির পরিবর্তন দেখতে চান।’