স্বপ্নে সাপ দেখা অনেকেই ভয় ও উদ্বেগের সঙ্গে গ্রহণ করেন। তবে ইসলামি ব্যাখ্যায় এই স্বপ্ন বিভিন্ন অর্থ বহন করতে পারে, যা সব সময় নেতিবাচক নয়। কখনো এটি শত্রুতার প্রতীক, আবার কখনো ধনসম্পদ, পারিবারিক সম্পর্ক কিংবা রাষ্ট্রীয় ক্ষমতার ইঙ্গিত দেয়। প্রখ্যাত স্বপ্ন ব্যাখ্যা গ্রন্থ ‘তাফসীরুল আহলাম’-এর আলোকে এর কিছু তাৎপর্য তুলে ধরা হলো:
শত্রুতা ও নিরাপত্তা: স্বপ্নে সাপ দেখলে সাধারণভাবে শত্রুর উপস্থিতি অনুভূত হতে পারে। যদি স্বপ্নে সাপ দংশন করে, তবে বুঝতে হবে যে শত্রুর দ্বারা কষ্ট বা ক্ষতির আশঙ্কা রয়েছে। বিপরীতে, স্বপ্নে সাপকে আঘাত বা হত্যা করতে দেখা শত্রুর বিরুদ্ধে বিজয়ের ইঙ্গিত দেয়। সাপের মাংস ভক্ষণ করা শত্রুর সম্পদ লাভের সম্ভাবনা বহন করে।
সাপের রঙের ভিন্নতা: স্বপ্নের সাপের রং তার তাৎপর্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাদা সাপকে ধূর্ত ও শক্তিশালী শত্রুর প্রতীক হিসেবে ধরা হয়। তবে যদি কেউ স্বপ্নে সাদা সাপের মালিক হয়, তবে এর অর্থ হলো তার শত্রুরা তার প্রতি অনুগত হবে এবং সে বিপদ থেকে রক্ষা পাবে। কালো সাপ সাধারণত দুর্বল শত্রুর প্রতীক। কিন্তু স্বপ্নে বড় কালো সাপের মালিক হওয়া রাজত্ব বা নেতৃত্ব লাভের পূর্বাভাস হতে পারে।
পারিবারিক ও নৈতিক বার্তা: স্বপ্নে স্ত্রীরূপী মাদি সাপকে বিছানায় মারতে দেখলে স্ত্রী হারানোর ইঙ্গিত পাওয়া যায়। গলায় সাপ পেঁচিয়ে ধরে তাকে তিন টুকরো করে ফেলা স্ত্রীকে তিন তালাক দেওয়ার প্রতীক হতে পারে। এ ছাড়া, স্বপ্ন যদি মূত্রনালি অথবা লজ্জাস্থান দিয়ে সাপ বের হতে দেখা হয়, তবে তা সন্তান অথবা লজ্জাস্থানের অপব্যবহারের ইঙ্গিত বহন করে।
ধনসম্পদ ও পরিবর্তনের ইঙ্গিত: স্বপ্নে জলজ সাপ, অর্থাৎ পানিতে অথবা পকেট-আস্তিনে ছোট সাপ দেখা ধনসম্পদের প্রতীক। সাপকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হতে দেখলে জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বাজারে সাপ মারতে দেখা যুদ্ধ অথবা কোনো কঠিন পরিস্থিতির ওপর বিজয়ের সংকেত দেয়। অন্যদিকে, বাগানভর্তি সাপ দেখা ফসলের প্রাচুর্য ও সম্পদের বৃদ্ধির ইঙ্গিত বহন করে।
সমাজ ও নেতৃত্বের প্রেক্ষাপট: স্বপ্নে সাপ ওপর থেকে নিচে নামতে দেখলে কোনো প্রভাবশালী নেতার মৃত্যুর পূর্বাভাস পাওয়া যেতে পারে। আবার, মাটি থেকে সাপের উত্থান স্থানীয়ভাবে কোনো প্রকার শাস্তির আগমন বার্তা দিতে পারে। যদি কেউ স্বপ্নে দেখে যে সে একটি বড় বিষাক্ত সাপকে হত্যা করেছে, তবে এটি তার শত্রুর পরাজয় এবং সমাজে সম্মান ও প্রতিপত্তি লাভের ইঙ্গিত দেয়।
লেখক : আলেম ও সাংবাদিক