কথায় কথায় ঝগড়া করা। কথা কাটাকাটি ও তর্ক করা; এসব মানুষের চিরাচরিত অভ্যাস। কারও ক্ষেত্রে বিপরীত পক্ষকে ঘায়েল করতে গালি দেওয়া এটাই হলো তার একমাত্র হাতিয়ার। অথবা উপস্থিত বুদ্ধি ও যুক্তিতর্কে না পেরে কাউকে গালি দেওয়া। মা-বাবার নাম তুলে, বংশের কথা বলে, গোষ্ঠী ও বর্ণের খোঁচা দিয়ে গালমন্দ করা। এগুলো হচ্ছে মানুষের সাধারণ স্বভাব ও বৈশিষ্ট্য।
তবে নিঃসন্দেহে এসব নিকৃষ্ট ও মন্দলোকের কাজ ছাড়া আর কিছু নয়। কেননা, কোনো সৎলোক, ভালো মানুষ কখনো কাউকে গালি দেন না। বকাঝকা করা, গালমন্দ করে ছোট করা এসব তাদের অভ্যাস নয়। বরং এসব হচ্ছে নিচু শ্রেণির লোকদের কাজ। কথিত আছে, হজরত আলি (রা.) বলেন, নিচু লোকের হাতিয়ার হচ্ছে কাউকে গালি দেওয়া। প্রকৃত শিক্ষা দীক্ষা অর্জনকারী মানুষ কখনো কাউকে গালি দিতে পারেন না। মতের অমিল হলেই গালি দিতে হবে, এটি অত্যন্ত নিন্দিত কাজ। এমনকি হাদিসে গালি দেওয়াকে ফাসেকি কাজ হিসেবে উল্লেখ করা হয়েছে।
পবিত্র কোরআনে আল্লাহতায়ালা বলেন, হে মুমিনরা! কোনো পুরুষ যেন অপর কোনো পুরুষকে (গালমন্দ, তুচ্ছতাচ্ছিল্য করে) উপহাস না করে। কেননা যাকে উপহাস করা হয়, হতে পারে সে উপহাসকারী অপেক্ষা উত্তম। কোনো নারী যেন অপর কোনো নারীকেও যেন উপহাস না করে; কেননা যাকে উপহাস করা হয়, সে উপহাসকারিণী অপেক্ষা উত্তম হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না; ঈমান আনার পর মন্দ নামে ডাকা গর্হিত কাজ। যারা এ ধরনের আচরণ থেকে নিবৃত্ত না হয় তারাই জালিম। (সুরা হুজুরাত, ১১)
আর জালিম, অত্যাচারী তার অন্যায় ও জুলুমের মাধ্যমে সমাজে, রাষ্ট্রে এমনকি পুরো পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে। ঘরের পরিবেশ নষ্ট করে। সমাজের শৃঙ্খলা ভেঙে ফেলে। রাষ্ট্রের অধীনস্থ প্রজাদের ওপর নির্যাতন করে শৃঙ্খলা নষ্ট করে। অশান্তি সৃষ্টি করে সর্বত্র। কোরআনের ভাষায়—আর যারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে, তাদের জন্য আছে অভিসম্পাত এবং আছে মন্দ আবাস। (সুরা রাদ, ২৫)
আব্দুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘কবিরা (মারাত্মক বড়) গুনাহগুলোর একটি হলো—বাবা-মাকে গালি দেওয়া। (উপস্থিত সাহাবিদের মধ্য থেকে) জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসুল! আপন বাবা-মাকে কি কেউ গালি দেয়? তিনি বললেন, হ্যাঁ, সে (কোনো ব্যক্তি, যেকোনো একজন) লোকের বাবাকে গালিগালাজ করে, তখন সেও তার বাবাকে গালিগালাজ করে থাকে এবং সে (যে ব্যক্তি) অন্যের মাকে গালি দেয়। সুতরাং সেও (কেমন যেন) তার (আপন) মাকেই গালি দেয়।’ (বুখারি ও মুসলিম)
আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘কোনো মুসলিমকে গালি দেওয়া ফাসেকি (আল্লাহর অবাধ্যাচরণ) এবং তার সঙ্গে লড়াই-ঝগড়া করা কুফরি।’ (বুখারি) যেকোনো মানুষকে গালমন্দ করা নিঃসন্দেহে নিকৃষ্ট আচরণ, যা মহান আল্লাহতায়ালার অবাধ্য হওয়ারও নামান্তর। আমরা এ জাতীয় মন্দ আচরণ করা থেকে বিরত থাকব। একইভাবে কাউকে গালি দিয়ে, তুচ্ছ করে নিজেকেই অপমান অপদস্থ হেয় করব না।
লেখক: খতিব, ভবানীপুর মাইজপাড়া হক্কানি জামে মসজিদ, গাজীপুর