বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাথে জড়িত পঞ্চপান্ডবের নাম। পাঁচ সিনিয়র ক্রিকেটার মাশরাফি বিন মোর্ত্তাজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ বাংলাদেশকে দিয়েছেন অসংখ্য জয় উপহার। এই পাঁচজন একসাথে জাতীয় দলের জার্সিতে একসাথে খেলার সময় কাটিয়েছেন দারুণ সময়। সেই স্মৃতি আবারও ফেরাতে চান মাহমুদউল্লাহ রিয়াদ।
২০১৯ বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলার সময় হোটেল রুমে আড্ডা দেওয়ার একটি ছবি নিজের ফেসবুকে আপলোড করে রিয়াদ লিখেন, ‘কি সুন্দর সময় ছিল এটি! চলো সেই মুহূর্তগুলোকে আবারও ফিরিয়ে আনি।’
পাঁচ সিনিয়র ক্রিকেটারের মধ্যে মাশরাফি সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ২০২০ সালে। অধিনায়কত্ব ছাড়ার পর আর জাতীয় দলে খেলার সুযোগ হয়নি মাশরাফির। এরপরই অধিনায়ক করা হয় তামিম ইকবালকে। তিনি দলকে নেতৃত্ব দেন ২০২৩ সালের ৫ জুলাই পর্যন্ত। এরপর আকস্মিক অবসরে যান তিনি। প্রধানমন্ত্রীর নির্দেশে ফিরে এলেও বিশ্বকাপে যাওয়া হয়নি তার। সবশেষ খেলেছিলেন বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে।
এখন জাতীয় দলে নিয়মিত খেলছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিব আল হাসান দলের অংশ হলেও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর খেলেছেন মাত্রে একটি টেস্ট।
গেল কিছুদিন আগে তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজের একটি কলরেকর্ড ফাঁস হয়। যেখানে তামিম মিরাজের কাছে মুশফিকের ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেন। সেটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হলে পরে জানা যায় মোবাইল ব্যাংকিং সেবা দানকারী একটি প্রতিষ্ঠানের অংশ হিসেবেই সেই কলরেকর্ডটি সামনে আনা হয়।
এবারও তাই রিয়াদের এমন ছবি ও ক্যাপশনের অর্থ খোঁজার চেষ্টায় অনেকেই মনে করছেন, এটিও কোনো ক্যাম্পেইনের অংশ। যদিও সে সম্পর্কে কিছু জানা যায়নি।