চলতি মাসে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজের প্রথম টেস্টকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সেই টেস্টের স্কোয়াডে নেই পেস ইউনিটের নেতা তাসকিন আহমেদ ও উইকেটকিপার ব্যাটার লিটন কুমার দাস। তাসকিন দলে নেই চোটের কারণে আর পাকিস্তান সুপার লীগে (পিএসএল) অংশ নেওয়া লিটনকে দেওয়া হয়েছে বিশ্রাম।
প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন সাদা বলে জাতীয় দলের নিয়মিত পেসার তানজিম হাসান সাকিব। ইতোমধ্যেই সাদা বলে তিনি খেলে ফেলেছেন ২৮টি আন্তর্জাতিক ম্যাচ।
সাদা বলের ক্রিকেটে নতুন বলে তার দারুণ পারফরম্যান্স খুলে দিয়েছে লাল বলের ক্রিকেটে অভিষেকের সম্ভাবনা।
বরাবরের মতোই দলের আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। অভিজ্ঞত ক্রিকেটারদেরও জায়গা হয়েছে স্কোয়াডে। আছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম ও নাইম হাসানের মতো নিয়মিত মুখ। ফলে ফিরেছেন ওপেনার সাদমান ইসলামকেও।
সিরিজের প্রথম টেস্ট ২০ তারিখ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে। আর দ্বিতীয় টেস্টটি হবে ২৮ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।
বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী আনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।