ক্লাব বিশ্বকাপে যে দলকে নিয়ে কেউ ঠিকঠাক বাজিও ধরেনি, সেই দলটাই শেষ পর্যন্ত উঁচিয়ে ধরেছে শিরোপা। হট ফেবারিট প্যারিস সেইন্ট জার্মেইকে ফাইনালে নাকানিচুবানি খাইয়ে জিতেছে ৩-০ ব্যবধানে।
এর মধ্য দিয়ে ক্লাব বিশ্বকাপের নতুন সংস্করণের ট্রফি জেতার পাশাপাশি বিপুল অঙ্কের অর্থ পুরস্কার পেয়েছে ইংলিশ ক্লাবটি।
অবিশ্বাস্য হলেও সত্য যে, ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতে চেলসির আয় ২০২২ বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রাপ্ত অর্থ পুরস্কারের চেয়েও বেশি। বিশ্বচ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনা পেয়েছিল ৪ কোটি ২০ লাখ ডলার। সে সময় তা প্রায় ৪৪০ কোটি টাকার সমান ছিল, বর্তমানে ৫১০ কোটি ৬০ লাখ টাকার বেশি।
গতরাতে (১৩ জুলাই) ক্লাব বিশ্বকাপের ফাইনালে ফিফার ঘোষিত অর্থ পুরস্কারের অঙ্কটা ১ বিলিয়ন ডলার। বাংলাদেশি টাকায় যা কিনা প্রায় ১২ হাজার কোটি টাকা। চ্যাম্পিয়ন চেলসি একাই পেয়েছে ১১ কোটি ৩০ লাখ ডলার। বাংলাদেশি টাকায় প্রায় ১ হাজার ৩৩৭ কোটি টাকা। যা কিনা ২০২২ বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার অর্থমূল্যের চেয়ে অনেকবেশি।
শুধুমাত্র টুর্নামেন্টে অংশগ্রহণনের কারণে ২ কোটি ৮৩ লাখ ডলার পেয়েছে চেলসি। বাংলাদেশের মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ৩৪৪ কোটি। পারফরম্যান্সের পুরস্কার হিসেবে পেয়েছে ৮ কোটি ৪৬ লাখ ডলার। শিরোপা জেতার কারণে চেলসির অ্যাকাউন্টে ঢুকেছে প্রায় ৪ কোটি ডলার বা ৪৮৬ কোটি ২৯ লাখ টাকা।
রানার্সআপ পিএসজিও কম টাকা আয় করেনি। তারা পেয়েছে ১০ কোটি ৫৮ লাখ ডলার বা ১ হাজার ২৮৬ কোটি টাকা। ফাইনালে হারলেও পিএসজি আয় করেছে ২০২২ বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার চেয়ে দ্বিগুণেরও বেশি।