ক্রিকেট ছাড়াও ডিজে পেশায় খ্যাতি রয়েছে নেদারল্যান্ডসের ব্যাটার ম্যাক্স ও’ডাউডের। পাশাপাশি ইউটিউব চ্যানেলে করেন ভ্লগিংও। এবার তাকে দেখা গেছে সাংবাদিকের ভূমিকায়।
রবিবার (৩১ আগস্ট) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আসা সতীর্থকে করেছেন একাধিক প্রশ্ন।
সংবাদ সম্মেলনে নেদারল্যান্ডস দলের প্রতিনিধি হয়ে আসেন নোয়াহ ক্রোয়েস। তাদের সঙ্গে হাজির হন ও’ডাউড। নিজের ‘গো প্রো’ ক্যামেরা চালু করে প্রশ্ন করেন নোয়াহকে ‘টঙ্কার’র রহস্য কী?
এই প্রশ্নের জবাবে ক্রোয়েস হাসতে হাসতে বলেন, ‘ধন্যবাদ ম্যাক্স। আমার পাশে থাকার বদলে তোমাকে সাংবাদিকদের কাতারে দেখে ভালো লাগছে। তুমি জানো আমাদের মিডিয়া ম্যানেজার এই নামটি দিয়েছে। একসময় সে আমাকে ‘ট্রাকস’ ডাকত, বলত আমি নাকি এমএলবি (মেজর লিগ বেসবল) স্লগারের মতো ব্যাট করি। পরে সেটা বদলে গিয়ে হলো “টংকার”। এখন মনে হচ্ছে তুমি এই নামের যোগ্য উত্তরসূরী।’
পরবর্তী প্রশ্নে ম্যাক্স জানতে চান বাংলাদেশের কোন ক্রিকেটার ক্রোয়েসের সবচেয়ে পছন্দের ? সেই প্রশ্নের জবাবে ক্রোয়েস বলেন, ‘ভালো একটা প্রশ্ন করেছ, ম্যাক্সি। আমার পছন্দ মোস্তাফিজুর রহমান। আরও কয়েকজনের নাম উল্লেখ করা যায়, তবে আমার মনে হয় মোস্তাফিজুর রহমানকে এড়িয়ে যাওয়া কঠিন। আমি তাকে গত বছর ২০২৪ বিশ্বকাপে বোলিং করতে দেখেছি, আর মুস্তাফিজের মুখোমুখি হওয়াটা সত্যিই দারুণ অভিজ্ঞতা ছিল।’