এশিয়া কাপের ফাইনালে টস জিতেছে ভারত। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। ফলে আগে ব্যাটিং করবে পাকিস্তান দল।
রবিবার (২৮ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই চিরপ্রতিদ্বন্দ্বির ফাইনাল ম্যাচটি মাঠে গড়াবে রাত ৮টা ৩০ মিনিটে। এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবার ফাইনালে একে-অপরের মুখোমুখি হচ্ছে দুই দল।
দুই দেশের রাজনৈতিক বৈরিতার প্রভাব মাঠের খেলাতেও পড়ছে গত দেড় যুগের বেশি সময় ধরে। সম্প্রতি পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তান আক্রমণ চালায় ভারত। পরে দুই দেশ যুদ্ধে জড়িয়ে পড়ে। পাঁচ দিনে যুদ্ধের সমাপ্তি ঘটলেও উত্তাপ রয়ে গেছে। ফাইনালেও টসের সময় হাত মেলাননি দুই অধিনায়ক।
টস জিতে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, ‘আমরা প্রথমে ফিল্ডিং করতে চাই। উইকেটটা দেখতে ভালো লাগছে। আলোর নিচে উইকেট আরও ভালো হয়ে ওঠে। আমরা সাম্প্রতিক ম্যাচগুলোতে প্রথমে ব্যাট করে ভালো করেছি, তবে আজ আমরা রান তাড়া করতে চাই। মাঠকর্মীরা উইকেটের জন্য দারুণ কাজ করেছেন এবং এটা একই রকম থাকবে। গত ৫-৬ ম্যাচে আমরা যে ধরণের ক্রিকেট খেলছি, সেটা বেশ ভালো এবং আমরা সেটাই বজায় রাখতে চাই। দুর্ভাগ্যবশত হার্দিক আজ খেলছে না, কারণ তার একটু চোট আছে। অর্শদীপ এবং হার্ষিতও দলে নেই। বুমরাহ, দুবে এবং রিঙ্কু দলে এসেছে।
টস হেরে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা বলেন, ‘নিশ্চিতভাবে আমরা প্রথমে ব্যাট করতে পেরে খুশি। আমরা খুবই উচ্ছ্বসিত এবং এই ম্যাচের জন্য মুখিয়ে আছি। এখনো পর্যন্ত আমরা নিখুঁত একটি ম্যাচ খেলতে পারিনি, আশা করি আজ সেটা হবে। দলে কোনো পরিবর্তন নেই। আমরা এই ধরনের পিচে অনেকদিন ধরে খেলছি, এবং আজও পিচ একই রকম আচরণ করবে।’
পাকিস্তান একাদশ
শাহিবজাদা ফারহান, ফাখর জামান, সাইম আইয়ুব, হুসাইন তালাত, মোহাম্মদ নওয়াজ, সালমান আগা (অধিনায়ক), ফাহিম আশরাফ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।
ভারতীয় একাদশ
অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিবাম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদিপ যাদব, বরুণ চক্রবর্তী, জসপ্রিত বুমরাহ।
নিলয়/