নগরপ্রতিদ্বন্দ্বী এস্পানিওলকে পাত্তা দিল না বার্সেলোনা। গতকাল (১১ এপ্রিল) রাতে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে কাতালান ক্লাবটি তুলে নিয়েছে ৪-১ গোলের বড় জয়। এই সাফল্যে শিরোপা ধরে রাখার পথে আরও এক ধাপ এগিয়ে গেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। শীর্ষস্থান পোক্ত করেছে ৯ পয়েন্টের লিড নিয়ে। ৩১ ম্যাচে তাদের অর্জন ৭৯ পয়েন্ট।
হোম ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় বার্সা। ম্যাচের ১০ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন ফেররান তোরেস। ২৫ মিনিটে আবারও লামিনে ইয়ামালের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধে ৫৬ মিনিটে একটি গোল শোধ করে এস্পানিওল। গোলদাতা পল লজানো।
তবে ম্যাচের শেষ দিকে আবারও নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা। ৮৭ মিনিটে কাউন্টার অ্যাটাকে গোল করেন ইয়ামাল। ৮৯ মিনিটে মার্কোস র্যাশফোর্ড ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের ক্রস থেকে চতুর্থ গোল করে দলের জয় নিশ্চিত করেন। ম্যাচ শেষে তোরেস বলেন, ‘লিগ জয় নিশ্চিত না হওয়া পর্যন্ত কিছুই শেষ নয়। তবে এখন সবকিছু আমাদের নিয়ন্ত্রণে, এটা দারুণ অনুভূতি।’
অনিক/