ভেন্যু আর ফরম্যাট বদলালেও ভাগ্য বদলালো না বাংলাদেশ নারী ক্রিকেট দলের। রাজশাহীতে শেষ দুই ওয়ানডে হেরে সিরিজ হারে টাইগ্রেসরা। ভেন্যু বদলে সিলেটে এসে হারতে হলো প্রথম টি-টোয়েন্টিতে।
আজ (২৮ এপ্রিল) বাংলাদেশকে ২৫ রান ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬১ রান করে সফরকারীরা। জবাবে সবকটি ওভার খেলে ৭ উইকেটে ১৩৬ রান তুলতে সক্ষম হয় বাংলার মেয়েরা।
রান তাড়ায় বাংলাদেশের শুরুটা ছিল দুর্দান্ত। ৩.৪ ওভারে জুটি ভাঙার আগে দলের খাতায় যোগ হয় ৩৯ রান। ১২ বলে ১৬ রান করে থামেন জুয়াইরা ফেরদৌস। সেখান থেকে ৪৪ রানে যেতেই নেই ৪ উইকেট! একে একে মাঠ ছাড়েন শারমিন আক্তার (১), অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি (০) এবং দিলারা আক্তার (২৩)।
ধাক্কা সামাল দেন সোবহানা মোস্তারি এবং স্বর্ণা আক্তার। দুজনের ৩৯ রানের জুটিতে গতি পেয়েছিল স্বাগতিকরা, কিন্তু জয়ের পথে পা বাড়াতে পারেনি। সোবহানা ১৬ রান করে সাজঘরে ফেরেন। রাবেয়া খানের ৭ বলের ইনিংসে আসে ৬ রান।
শেষ পর্যন্ত লড়াই করে গেছেন স্বর্ণা। তবে তার ক্যারিয়ার সেরা ইনিংসে কমেছে কেবল বাংলাদেশের হারের ব্যবধান। ৪৫ বলের ইনিংসে ৪ চার এবং ২ ছক্কায় ৬০ রানে অপরাজিত ছিলেন তিনি। এর আগে, বোলিংয়ে সর্বোচ্চ দুই উইকেট শিকার করেন সুলতানা খাতুন। অন্যদের নির্বিষ বোলিংয়ে শ্রীলঙ্কার রানরেট ছাড়িয়ে যায় ৮।
শ্রীলঙ্কার ইনিংসে দুটি হাফ সেঞ্চুরির ইনিংস ছিল। ইমেশা ডুলানি ৫৫ এবং হর্ষিতা সামারাবিক্রমা ৬১ রান করেন। অধিনায়ক চামারি আতাপাত্তু খেলেন ৩২ রানের ইনিংস। ম্যাচসেরা হয়েছেন হর্ষিতা।
অনিক/