ওয়েবসাইট তৈরির জনপ্রিয় প্ল্যাটফর্ম ওয়ার্ডপ্রেস ডটকম তাদের সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার আরও বাড়িয়েছে। অটোম্যাটিকের মালিকানাধীন এই প্রতিষ্ঠান গত সপ্তাহে তাদের ‘এআই সাইট বিল্ডার’ ফিচারকে একটি স্থায়ী ‘এআই অ্যাসিস্ট্যান্ট’ হিসেবে রূপান্তরের ঘোষণা দিয়েছে। এখন থেকে ওয়েবসাইট সম্পাদনা ও মিডিয়া ফাইল তৈরির কাজে এই এআই সরাসরি সাহায্য করবে।
ওয়ার্ডপ্রেসের সাইট এডিটর অপশনে এই অ্যাসিস্ট্যান্ট পাওয়া যাবে। এটি ওয়েবসাইটের গঠন ও নকশা নির্বাচনে ব্যবহারকারীকে পরামর্শ দেবে। উদাহরণস্বরূপ, কোনো ব্যবহারকারী চ্যাটবটটিকে পরিষ্কার ও পেশাদার ফন্ট ব্যবহারের পরামর্শ দিতে বলতে পারেন। আবার সাইটের রং উজ্জ্বল বা গাঢ় করার নির্দেশও দেওয়া যাবে। এ ছাড়া লেখার ধরন পরিবর্তন বা আরও আত্মবিশ্বাসী করার মতো ফিচারও এতে যুক্ত করা হয়েছে।
নতুন এই এআই অ্যাসিস্ট্যান্ট এখন ওয়েবসাইটের মিডিয়া লাইব্রেরির সঙ্গেও যুক্ত করা সম্ভব। এটি ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী নতুন ছবি তৈরি করতে পারবে। এমনকি আগের কোনো ছবি সম্পাদনা করে সাদা-কালো করা বা ছবির ভেতরের কোনো বস্তু বদলে দেওয়ার কাজও করবে এটি। ওয়ার্ডপ্রেস জানিয়েছে, এই এআই সিস্টেম ওয়েবসাইটের ব্র্যান্ড এবং ধরন বুঝে সেই অনুযায়ী ছবি ও মিডিয়া ফাইল তৈরি করতে সক্ষম।
এ ছাড়া প্রতিষ্ঠানটি তাদের টিম চ্যাট প্ল্যাটফর্ম ‘ব্লক নোটস’-এ এই এআই যুক্ত করেছে। তবে এই ফিচার আপাতত ওয়ার্ডপ্রেস ডটকমের ‘বিজনেস’ বা ‘কমার্স’ প্ল্যান ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। যারা এআই বিল্ডার ব্যবহার করে সাইট তৈরি করেছেন, তারা ডিফল্টভাবে এটি ব্যবহার করতে পারবেন। এটি ক্ল্যাসিক থিমের চেয়ে ব্লক থিমগুলোতে সবচেয়ে ভালো কাজ করবে। সাইট সেটিংসের ‘এআই টুলস’ বিভাগে গিয়ে ব্যবহারকারীরা এই নতুন ফিচার সক্রিয় করতে পারবেন।
/আবরার জাহিন