বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার শিলাইদহ, সিরাজগঞ্জের শাহজাদপুর ও নওগাঁর পতিসরে তিন দিনব্যাপী জাতীয় আয়োজনের দ্বিতীয় দিন গতকাল শুক্রবার ছিল উৎসবমুখর। এ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজিত হয়। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন।
কুষ্টিয়া : জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় গতকাল শুক্রবার ছিল বর্ণিল আয়োজনের দ্বিতীয় দিন। এ দিন আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার।
জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া পুলিশ সুপার মিজানুর রহমান, কুষ্টিয়া-৪ আসনের সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, কুষ্টিয়া-৩ আসনের সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পী জান্নাতুল ফেরদৌস বলেন, ‘এর আগেও এখানে এসেছি। কবিগুরুর ‘আকাশ ভরা তারা’ গানের সঙ্গে নৃত্য করেছি। খুবই ভালো লাগছে।’ কুমারখালী শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক কে এম আলম বলেন, ‘জন্মদিনের মতো কবির মৃত্যুদিবসটিও জাতীয়ভাবে পালন করা উচিত।’ এ ছাড়া কুঠিবাড়িতে আগত দর্শনার্থীদের জন্য থিয়েটার, গবেষণাগার নির্মাণের দাবি তার।
রবীন্দ্র কুঠিবাড়ির কাস্টোডিয়ান মো. আল আমিন বলেন, ‘রবীন্দ্রসংগীত, কবিতা আবৃত্তি, আলোচনা সভা, মঞ্চনাটক ও গ্রামীণ মেলার মধ্য দিয়ে আজ শনিবার মধ্যরাতে শেষ হবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী।’
সিরাজগঞ্জ : জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে চলে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা। কর্মসূচির দ্বিতীয় দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কবিকে স্মরণ করেন তার ভক্তরা। বেলা ৩টা থেকে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়ে চলে রাত ১০টা পর্যন্ত। জেলা ও উপজেলার শিল্পকলা একাডেমি ছাড়াও রবীন্দ্রনাথের বিভিন্ন সংগঠন ও শিল্প পরিষদের শিল্পীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের দ্বিতীয় দিনে শাহজাদপুরের রবীন্দ্র থিয়েটার, পাবনা জেলার বেড়া উপজেলার রুদ্রবীণা সংগীত একাডেমি, আনন্দধারা বিদ্যানিকেতন, উল্লাপাড়া উপজেলা শিল্পকলা একাডেমি, শ্রীমঙ্গল সংগীত বিদ্যালয়, জেলা রবীন্দ্রসংগীত সম্মিলিত পরিষদ, জেলা শিল্পকলা একাডেমি ও ঢাকা থেকে আসা শিল্পীরা দর্শকদের সামনে নাটক, রবীন্দ্রসংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন।
নওগাঁ: নওগাঁর পতিসরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপনের দ্বিতীয় দিনেও ভক্ত অনুরাগীদের ঢল নামে। কবির স্মৃতিচারণ করে কাছারিবাড়ির আঙ্গিনায় অবস্থিত দেবেন্দ্র মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। বেলা ৩টা থেকে শুরু হয় আলোচনা সভা। এতে শিক্ষক ও রবীন্দ্র গবেষকসহ বরেণ্য ব্যক্তিরা অংশ নিয়ে কবির জীবনী ও সৃষ্টিকর্ম আলোকপাত করেন। এরপর আত্রাই উপজেলা শিল্পকলা একাডেমি, রানীনগর উপজেলা শিল্পকলা একাডেমি ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা আবৃত্তি, নৃত্য, গান ও নাটিকা পরিবেশন করেন।
আত্রাই উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন বলেন, ‘কবি ভক্তদের আগমনে পতিসরে রবীন্দ্র জন্মবার্ষিকীর অনুষ্ঠান আনন্দঘন উৎসবে পরিণত হয়েছে। শুক্রবার ছুটির দিন হওয়ায় দ্বিতীয় দিনে দর্শনার্থীর আগমন ছিল বেশি। দেশের নানাপ্রান্ত থেকে কবি, সাহিত্যিক, শিক্ষক-শিক্ষার্থী রবীন্দ্র ভক্তরা এসে মেলা ও অনুষ্ঠানে যোগ দিয়েছেন।’
আয়োজনের তিন দিনের প্রতিদিনই কাছারিবাড়ি ও রবীন্দ্র জাদুঘর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়। অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে।



