আপনি যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন, প্রতিটি রেলওয়ে প্ল্যাটফর্মের গা ঘেঁষেই হলুদ লাইন আঁকা থাকে। কিন্তু কেন এমন হলুদ লাইন থাকে তা অনেকের কাছেই অজানা।
প্ল্যাটফর্মে ট্রেন ঢুকলেই হুড়াহুড়ি পড়ে যায়। অনেকে ট্রেন ঢোকার আগে থেকেই উঁকিঝুঁকি মারেন। একেবারে লাইনের কাছ চলে যান। এটা বিপজ্জনক। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
এই লাইন যাত্রীদের সতর্ক করে দেয় যে সীমার মধ্যে দাঁড়াতে হবে। টপকালে বিপদ হতে পারে। একপ্রকার বলা যায়, প্ল্যাটফর্মে হলুদ লাইন দেওয়ার উদ্দেশ্য হলো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা। এটি তাই ‘নিরাপত্তা লাইন’ বা ‘সেফটি লাইন’ নামেও পরিচিত।
যে কারণে রেলওয়ে প্ল্যাটফর্মে হলুদ লাইন থাকে-
লোডিং এবং আনলোডিংয়ের সুবিধা: ট্রেনে এলেই যাত্রীদের ওঠানামা শুরু হয়। একদল যাত্রী কামরা থেকে তাড়াহুড়ো করে নামতে শুরু করেন। অন্যদিকে, প্ল্যাটফর্মে দাঁড়ানো যাত্রীরা ট্রেনে ওঠার জন্য ঠেলাঠেলি শুরু করে দেন। ট্রেনের সামনে দাঁড়ানো সবাই কিন্তু যাত্রী নন, প্ল্যাটফর্মে অন্যান্য লোকও থাকেন। সব মিলিয়ে চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। এই লাইন প্ল্যাটফর্মে দাঁড়ানো লোকজন এবং ট্রেনে ওঠানামা করা যাত্রীদের মধ্যে একটি সুশৃঙ্খল স্থান নিশ্চিত করে।
ট্রেনের গতির কারণে বাতাসের চাপ: ট্রেন প্রচণ্ড গতিতে ছোটে। তারপর ধীরে ধীরে গতি কমিয়ে প্ল্যাটফর্মে ঢোকে। কিন্তু সেটাও কম নয়। এই গতির কারণেই বাতাসে চাপ সৃষ্টি হয়। প্ল্যাটফর্ম ঘেঁষে দাঁড়ালে বাতাসের চাপের কারণে যাত্রীর ছিটকে পড়ার আশঙ্কা থাকে। তাই হলুদ লাইন ভুলেও টপকাতে নেই।
কম দৃষ্টি বা দৃষ্টিহীন যাত্রীদের জন্য: প্ল্যাটফর্মে আঁকা এই লাইনের মধ্যে ট্যাকটাইল মার্কস থাকে অর্থাৎ উত্তল চিহ্ন। এতে দৃষ্টিহীন বা কম দৃষ্টি সম্পন্ন যাত্রীদের বুঝতে সুবিধা হয় যে তারা নিরাপদ স্থানেই দাঁড়িয়ে রয়েছেন। দুর্ঘটনার কোনো সম্ভাবনা নেই।
যাত্রীদের জন্য সতর্কতা: স্টেশনে ঘোষণার সময়ও যাত্রীদের হলুদ লাইনের সীমার মধ্যে থাকতে বলা হয়। জানিয়ে দেওয়া হয়, এই লাইন টপকালে বিপদ হতে পারে। এই লাইন রেলওয়ে নিরাপত্তার ছোট একটি ধাপ হলেও অনেক গুরুত্বপূর্ণ অংশ।
নিরাপত্তা বিধি সম্পর্কে সচেতনতা: প্ল্যাটফর্মে সব যাত্রীরই ট্রেন ধরার তাড়া থাকে। তখন আর অন্য কিছু মাথায় থাকে না। ফলে দুর্ঘটনাও ঘটে অহরহ। এই পরিস্থিতিতে হলুদ লাইন এক ধরনের সতর্কবার্তা। যাত্রীদের নিরাপত্তা বিধি সম্পর্কে সতর্ক করে দেওয়ার উপায়।
তারেক
.jpg)