৪ লাখ টন পাথর উধাও!
চারপাশে খুঁজে একটি পাথরের টুকরো পর্যন্ত পাওয়া গেল না।
তাহলে কী হয়েছিল? পাথরগুলো কি কোনো অজানা শক্তিতে বাষ্পীভূত হয়ে গেছে? নাকি সত্যিই এলিয়েনদের লেজার টেকনোলজির হাত আছে এই রহস্যের পেছনে? একটু ভাবুন তো!
আপনি কি কখনো মাইনক্রাফট (Minecraft) গেম খেলেছেন? সেখানে ব্লক কেটে কেটে দালান বানানো হয়, ভুল হলে আবার ভেঙে নতুন করে শুরু করা যায়।
কিন্তু যদি বলি, বাস্তব দুনিয়ায় এমন এক স্থাপনা আছে যা মাইনক্রাফটের থেকেও কয়েক গুণ জটিল—আর সেটা তৈরি হয়েছিল আজ থেকে প্রায় ১২০০ বছর আগে!
তখন না ছিল আধুনিক ক্রেন, না বিদ্যুৎ, না ডিনামাইট, না কোনো কম্পিউটারাইজড ডিজাইন। তবু সেই নির্মাণ আজ ২০২৬ সালের ইঞ্জিনিয়ারদেরও মাথা ঘুরিয়ে দিচ্ছে। জায়গাটির নাম ইলোরার গুহা, আর এর হৃদয় হলো ১৬ নম্বর গুহা-কৈলাস মন্দির।
একেবারে উল্টো পথে হাঁটা ইঞ্জিনিয়ারিং
সাধারণভাবে কোনো ভবন বানানো হয় কীভাবে? আগে মাটি খুঁড়ে ফাউন্ডেশন, তারপর ধাপে ধাপে ইট-পাথর তুলে ওপরে ওঠা। কিন্তু ইলোরার কারিগররা বলেছিলেন, ‘না, আমরা এই নিয়ম মানব না।’ এটি নির্মাণ করা হয়েছে ওপরে থেকে নিচে। তারা বেছে নিল একটি বিশাল আগ্নেয় শিলা পাহাড়। কাজ শুরু করলেন পাহাড়ের একদম চূড়া থেকে। তারপর ধীরে ধীরে ওপরে থেকে নিচে পাথর কেটে নামতে থাকলেন। পুরো মন্দিরটি স্তম্ভ, হাতির মূর্তি, দেবদেবীর ভাস্কর্য, দোতলা বারান্দা—সবকিছুই একটিমাত্র পাথর থেকে কেটে বের করা। কোনো জোড়া নেই, কোনো সিমেন্ট নেই। এটাই হলো মনোলিথিক স্ট্রাকচার—এক পাথর, এক সৃষ্টি।
একবার ভুল মানেই সর্বনাশ
সাধারণ বিল্ডিংয়ে ভুল হলে কী হয়? ভেঙে আবার গড়া যায়। কিন্তু কৈলাস মন্দিরে? একটা পিলার যদি এক ইঞ্চিও বেশি কাটা পড়ে- পুরো প্রকল্পটাই শেষ। কারণ এখানে জোড়া লাগানোর সুযোগই ছিল না। হাজার হাজার শ্রমিক, প্রজন্মের পর প্রজন্ম ধরে কাজ করেছে, অথচ কোনো মারাত্মক ভুল হয়নি। প্রশ্ন হলো—এত নিখুঁত পরিকল্পনা কীভাবে সম্ভব?
সবচেয়ে বড় ধাঁধা
৪ লাখ টন পাথর গেল কোথায়? গণনা করে দেখা গেছে, কৈলাস মন্দির তৈরি করতে প্রায় ৪ লাখ টন পাথর কেটে ফেলা হয়েছিল। ৪ লাখ টন মানে কয়েকটি টাইটানিক জাহাজের সমান ওজন! স্বাভাবিকভাবে এই পাথরের স্তূপ আশপাশে পড়ে থাকার কথা। কিন্তু বাস্তবতা কী? ইলোরার চারপাশে মাইলের পর মাইল খুঁজেও এক টুকরো পাথরের স্তূপ পাওয়া যায়নি। তাহলে সেগুলো গেল কোথায়? কেউ কি পাথর খেয়ে ফেলেছিল? নাকি এমন কোনো প্রাচীন প্রযুক্তি ছিল, যা পাথরকে গুঁড়া করে বাতাসে মিলিয়ে দিতে পারত? কনসপিরেসি থিওরিস্টরা বলেন, এলিয়েনরা এসে লেজার দিয়ে পাথর গলিয়ে দিয়েছিল। তবে ইতিহাসবিদরা বলেন, মানুষই করেছে। কিন্তু প্রশ্ন থেকে যায়- কীভাবে?
তিন বছরেও ধ্বংস করতে পারেনি মুঘল বাহিনী
১৬৮২ সাল। মুঘল সম্রাট আওরঙ্গজেব সিদ্ধান্ত নিলেন- কৈলাস মন্দির ধ্বংস করবেন। পাঠালেন ১০০০ জন শক্তিশালী শ্রমিক। হাতুড়ি, শাবল আর লোহার যন্ত্র নিয়ে তারা দিন-রাত কাজ করল। সময় লাগল টানা তিন বছর। ফলাফল? কিছু মূর্তির নাক-কান ভাঙা গেল, দেয়ালে কিছু আঁচড় পড়ল। কিন্তু পুরো মন্দির? এক চুলও নড়ানো গেল না। শেষমেশ আওরঙ্গজেব স্বীকার করলেন পরাজয়।
১৫০০ বছর আগের বায়োকেমিস্ট্রি!
আরও এক চমক এসেছে সাম্প্রতিক গবেষণায়। পাশের অজন্তা গুহা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে- পোকা ধরছে, দেয়াল ক্ষয়ে যাচ্ছে। কিন্তু ইলোরা? আজও ঝকঝকে। কেন? বিজ্ঞানীরা দেয়ালের প্রলেপ পরীক্ষা করে দেখেন- প্রাচীন কারিগররা প্লাস্টারের সঙ্গে মিশিয়েছিলেন হ্যাম্প (গাঁজা গাছের আঁশ), মাটি ও চুন। এই মিশ্রণ- আগুন প্রতিরোধী, পোকামাকড় সহ্য করতে পারে না এবং অবিশ্বাস্যভাবে টেকসই। ১৫০০ বছর আগেই তারা জানত বায়ো-প্রিজারভেশন টেকনিক।
মাটির নিচের রহস্যময় সুড়ঙ্গ
কৈলাস মন্দিরের নিচে পাওয়া গেছে সরু টানেল ও সুড়ঙ্গ। যেগুলোর প্রস্থ দেড় থেকে দুই ফুটের বেশি নয়। মানুষের ঢোকার প্রশ্নই ওঠে না। তাহলে এগুলো কী? বাতাস চলাচলের ব্যবস্থা? বৃষ্টির পানি নিষ্কাশন? নাকি নিচে লুকানো কোনো আন্ডারগ্রাউন্ড সিটি? নাকি কাঠামোর ভারসাম্য রক্ষার কাজে ব্যবহৃত হতো! উত্তর আজও অজানা। যা এখনো গবেষণার অপেক্ষায়।
মানবসভ্যতার জেদের স্মারক
আজ আমরা আধুনিক প্রযুক্তি নিয়ে গর্ব করি। কিন্তু হাজার বছর আগে, শুধু ছেনি আর হাতুড়ি দিয়ে মানুষ পাহাড়কে হার মানিয়েছিল। তাদের কাছে লেজার ছিল না, কিন্তু ছিল অদম্য সংকল্প, নিখুঁত পরিকল্পনা আর অসীম ধৈর্য। পাথরের ভেতর খোদাই করা এই মন্দির শুধু ধর্মীয় উপাসনালয় নয়- এটি মানবসভ্যতার আত্মবিশ্বাস ও সৃজনশীলতার এক অমর স্মারক।
তারেক/
.jpg)
.jpg)