রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নতুন উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এস এম আব্দুর রাজ্জাক নিয়োগ পেয়েছেন।
রবিবার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ১০(১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. আব্দুর রাজ্জাককে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের ক্ষেত্রে কয়েকটি শর্ত উল্লেখ করে বলা হয়েছে, রুয়েট ভাইস চ্যান্সেলর হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর হবে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন। ভাইস চ্যান্সেলর হিসেবে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন এবং এ নিয়োগ তার যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
গত ৩১ আগস্ট রুয়েট উপাচার্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম পদত্যাগ করেন। এর পর থেকে উপাচার্য ছাড়াই চলছিল এই বিদ্যাপিঠের প্রশাসনিকসহ যাবতীয় কার্যক্রম।
তবে বিশ্ববিদ্যালয়ের ডিনদের সম্মতিতে অন্তর্বর্তী উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন, পুরকৌশল বিভাগের অধ্যাপক তারিফ উদ্দিন আহমেদ।
এনায়েত করিম/পপি/




