জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আফসানা কারিম রাচির মৃত্যুর ঘটনায় ক্যাম্পাসে অনির্দিষ্টকালের জন্য ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। তার পরিবর্তে ক্যাম্পাসে শাটল বাস চালু করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
বুধবার (২০ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান ও পরিবহন অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক আওলাদ হোসেন স্বাক্ষরিত দুটি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শামীমা নাসরিন জলি বলেন, ‘নিরাপত্তা বিবেচনায় ক্যাম্পাসে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার জায়গায় আগামীকাল থেকে ক্যাম্পাসে বিভিন্ন সড়কে শাটল বাস চলবে। এ ছাড়াও আমরা আধুনিক পরিবহনসেবা চালুর কথাও ভাবছি। এ বিষয়ে আলোচনা করে কমিটি গঠন করা হবে।’
শাটল বাসসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত প্রতি এক ঘণ্টা পরপর রুটসমূহে দুটি করে বাস চলবে। তবে ১১টায় রুটে একটি করে এবং ১২টায় দুটি করে বাস চলবে।
পরবর্তী সময়ে আবার দুপুর আড়াইটা থেকে প্রতি এক ঘণ্টা পর রাত সাড়ে ৯টা পর্যন্ত রুটসমূহে একটি করে শাটল বাস চলাচল করবে এবং সাড়ে চারটায় রুটে দুটি বাস চলবে। তবে দুপুর ১টা থেকে ২টা ২০ মিনিট পর্যন্ত মধ্যাহ্নভোজ ও নামাজের বিরতি থাকবে।
জোবায়ের/তাওফিক/অমিয়/