গুচ্ছ নয় এবার নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে চাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শনিবার (২৪ নভেম্বর) এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন।
শুচিতা শরমিন বলেন, ‘নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা কীভাবে নেওয়া যায় সেটির ব্যাপারে শনিবার আলোচনা হয়েছে। এতে প্রায় সবাই নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার ব্যাপারে শিক্ষক ও বিশ্ববিদ্যালয় প্রশাসন একমত পোষণ করেছে। বাকি কাজগুলো প্রক্রিয়ার মাধ্যমে বাস্তবায়ন করার দিকে এগোচ্ছি। এ ছাড়া গুচ্ছ পদ্ধতির চেয়ে স্বতন্ত্রভাবে বা নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা সম্পন্ন করে ভর্তি করাতে সময়ও কম লাগবে।’
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের এক শিক্ষক বলেন, গুচ্ছ পদ্ধতিতে জটিলতা দেখা যেত এবং প্রায় ছয় মাস সময় লাগতো। নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিলে একমাস বা দুমাসের মধ্যে ভর্তি পরীক্ষা সম্পন্ন করা যায়। এ ছাড়া শিক্ষার্থীরা গুচ্ছে ভর্তি পরীক্ষা দিতে একবারই সুযোগ পেত। স্বতন্ত্র বা নিজস্ব পদ্ধতিতে নিলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে তার মেধা যাচাই করার সুযোগ পান। এজন্য সেশনজটসহ অন্যান্য জটিলতা কমাতে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার ব্যাপারে আমরা একমত হয়েছি।
তিনি বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা থেকে নিজস্ব পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। কিন্তু ২০২০ সালে করোনার সময় থেকে দেশের ১৯টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে নেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সেই থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়েও গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে।
বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী গোলাম রব্বানি মারুফ বলেন, বিগত দিনে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অনেক জটিলতা সৃষ্টি হয়েছে। কিন্তু স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিলে অতোটা বিড়ম্বনার সৃষ্টি হতো না। নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিলে ভর্তির প্রক্রিয়া সময়ও কম লাগে। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ ধরনের সিদ্ধান্তকে স্বাগত জানাই।
মঈনুল/পপি/