শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১১০তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলায় শুরু হয়েছে জয়নুল উৎসব। তিন দিনব্যাপী এই উৎসব আগামী রবিবার (২৯ ডিসেম্বর) শেষ হবে।
শুক্রবার ( ২৭ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রাঙ্গনে এই উৎসব উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী।
উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ বলেন, ‘দেশের শিল্প-সংস্কৃতি তুলে ধরতে এই উৎসবের আয়োজন একটি চমৎকার উদ্যোগ। শিল্পকলায় জয়নুল আবেদিনের অবদান অসামান্য। এই উৎসবের মাধ্যমে শিক্ষার্থী ও দর্শকরা নানা কিছু জানবে, যা তাদের সমৃদ্ধ করবে। সেই সঙ্গে আমাদের হস্তশিল্প ও লোকশিল্পের ঐতিহ্য সবার মাঝে ছড়িয়ে দিতে এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি এর মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি হবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ, ইমেরিটাস অধ্যাপক আবুল হাশেম খান, অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, জয়নুল আবেদিনের ছেলে প্রকৌশলী ময়নুল আবেদিন এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
এই উৎসবের অন্যতম আকর্ষণ জয়নুল মেলা। মেলায় চারুকলাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা সম্মেলন করছে। এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। উৎসবের দ্বিতীয় দিন শনিবার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় স্মারক বক্তৃতা দিবেন অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার।
রবিবার উৎসবের সমাপনী দিনে সকাল ৯টায় শিল্পাচার্যের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এছাড়া এই দিন সকাল সাড়ে ১০টায় অধ্যাপক শিল্পী মিজানুর রহিম এবং অধ্যাপক শিল্পী ড. রফিকুল আলমকে ‘জয়নুল সম্মাননা ২০২৪’ পদক দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। রবিবার বিকেল সাড়ে তিনটায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে । এতে অনুষদের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা সংগীত, আবৃত্তি, নৃত্য ও ফ্যাশন-শো পরিবেশন করবেন।
শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মজয়ন্তী উপলক্ষ্যে প্রতিবছর বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এই উৎসবের আয়োজন করে আসছে। দেশের বিভিন্ন প্রান্তের হস্তশিল্পী এবং অনুষদের শিক্ষার্থীদের বিভিন্ন শিল্পকর্ম নিয়ে লোকশিল্প মেলা, অনুষদের শিক্ষকদের নির্বাচিত শিল্পকর্ম নিয়ে প্রদর্শনী, স্মারক বক্তৃতা, ‘জয়নুল সম্মাননা’ পদক দেওয়া এবং সাংস্কৃতিক পরিবেশনাসহ বিভিন্ন অনুষ্ঠান নিয়ে এবারের উৎসব সাজানো হয়েছে।
আরিফ জাওয়াদ/সুমন/