বছর ঘুরে আবার এসেছে পবিত্র মাস রমজান। রহমতের মাস রমজানকে স্বাগত জানিয়ে আনন্দ র্যালি করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীরা। র্যালি শেষে শাখা শিবিরের আয়োজনে বিতরণ করা হয় খেজুর।
শনিবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এ র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে বিজ্ঞান ভবন ঘুরে শহিদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা ‘আহলান সাহলান– মাহে রমাদান,’ ‘রমজানের পবিত্রতা রক্ষা করুন’ এবং ‘রমজানের শুভাগমন– প্রাণঢালা স্বাগতম’ ইত্যাদি স্লোগান দেন।
এ সময় পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, গত ১৬ বছর আমরা ফ্যাসিবাদী শাসনের কারণে রমজান উপলক্ষে কোনো আয়োজন করতে পারিনি। প্রশাসনের বাধার মুখে আমাদের সংস্কৃতিচর্চার সুযোগ ছিল না। ৫ আগস্টের পর আমরা ইসলামি ঐতিহ্য পালনের সুযোগ পাচ্ছি, আলহামদুলিল্লাহ। ইসলামি সংস্কৃতি ও মূল্যবোধ চর্চার অধিকার আমাদের থাকা উচিত।
এ সময় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বলেন, 'গত বছর আমরা এখানে ইফতার করতে চেয়েছিলাম, কিন্তু প্রশাসন বাধা দিয়েছিল। ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে কেউ বাধা দিতে পারে না। বাংলাদেশে সব ধর্মের অনুসারীদের স্বাধীনভাবে তাদের ধর্ম পালনের অধিকার রয়েছে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক এবং প্রয়োজনে ভর্তুকি দেওয়া হোক।'
তিনি আরও বলেন, 'বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনুরোধ, রমজান উপলক্ষে যে ইফতারের ব্যবস্থা করেছেন, তা যেন মাসজুড়ে চালু রাখা হয়, যাতে আশপাশের শিক্ষার্থীরাও উপকৃত হতে পারেন।'
মুজাহিদ বিল্লাহ/জোবাইদা/


